আহমেদাবাদে সিরিজ বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালের ২৬ জুলাই আহমেদাবাদ শহরের ২১টি স্থানে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটে
ফাইল ছবি: এএফপি

২০০৮ সালে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ক্রমিক (সিরিজ) বিস্ফোরণের মামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন একটি বিশেষ আদালত। আজ শুক্রবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

একই মামলায় ১১ জনকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। গুজরাটের বিশেষ আদালতের বিচারক এ আর প্যাটেল এই দণ্ড ঘোষণা করেন।

১৩ বছরের বেশি সময় পর গত বছরের সেপ্টেম্বরে এই মামলার বিচারকাজ শেষ হয়। ৮ ফেব্রুয়ারি গুজরাটের বিশেষ আদালত ৪৯ আসামিকে দোষী সাব্যস্ত করেন। আর ২৮ জনকে খালাস দেন।

দোষী সাব্যস্ত ৪৯ আসামির বিরুদ্ধে আজ সাজা ঘোষণা করলেন আদালত।

২০০৮ সালের ২৬ জুলাই ৭০ মিনিটের মধ্যে আহমেদাবাদ শহরের ২১টি স্থানে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই বিস্ফোরণের ঘটনায় ৫৬ জন নিহত হন। আহত হন ২০০ জনের বেশি মানুষ।

ক্রমিক বিস্ফোরণে পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, ইন্ডিয়ান মুজাহিদীনের (আইএম) সঙ্গে জড়িত ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছেন।

২০১০ সালে আইএমকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পাশাপাশি নিষিদ্ধ করে ভারত সরকার।

আহমেদাবাদে ক্রমিক বিস্ফোরণের মামলার বিচারকাজ শুরু হয় ২০০৯ সালের ডিসেম্বরে। মামলায় মোট আসামি ছিলেন ৭৮ জন। আসামিদের মধ্যে একজন রাজসাক্ষী হন।