ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু মাসুদুর রহমানের মৃত্যু
ইংলিশ চ্যানেল বিজয়ী মাসুদুর রহমান আজ রোববার দুপুরে কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
রক্ত স্বল্পতার কারণে অসুস্থ হয়ে আজ সকালেই তিনি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। মাসুদুরের দুই পা হাঁটুর ওপর পর্যন্ত কাটা ছিল। তিনি কৃত্রিম পা লাগিয়ে চলতেন।
ছোটবেলায় মালগাড়িতে চেপে স্কুলে যাওয়ার একদিন সখ হয়েছিল মাসুসুর রহমান বৈদ্যের। সেই সখ মেটাতে এক দিন মালগাড়িতে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে দুটি পা-ই হারান তিনি। তখন তিনি ছিলেন চতুর্থ শ্রেণির ছাত্র। তাঁদের বাড়ি ছিল হাওড়া স্টেশনের পাশে।
দুই পা হীন এই মাসুদুর রহমান বড় হয়ে একজন সাঁতারু হন। তবে প্রতিবন্ধী হিসেবে কোনো দিনই যোগ দেননি সাঁতার প্রতিযোগিতায়। যোগ দিয়েছেন সাধারণ প্রতিযোগীদের সঙ্গে। সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি অনেক পুরস্কারও পান। ১৯৯৭ সালের জুলাই মাসে তিনি ইংলিশ চ্যানেল পার হয়ে চমকে দেন বিশ্ববাসীকে। ২০০১ সালে পাড়ি দেন জিব্রাল্টার প্রণালি। ভারতে ৮১ কিলোমিটার দূরত্বের এক সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েও রেকর্ড গড়েন এই সাঁতারু।
২০০৩ সালের ২৪ আগস্ট মাসুদুরের জীবনসংগ্রাম নিয়ে একটি বিশেষ লেখা ছাপা হয়েছিল প্রথম আলোয়।