ইউপিএ সরকার চালাত অসাংবিধানিক কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সমালোচনার জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ইউপিএ সরকার চালাত অসাংবিধানিক কর্তৃপক্ষ। তাঁর দাবি, বর্তমানে ক্ষমতা পরিচালিত হয় কেবল সাংবিধানিক ব্যক্তিদের দিয়ে।
বার্তা সংস্থা পিটিআইকে গত বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় প্রধানমন্ত্রী কংগ্রেসের সমালোচনা করে আরও বলেন, এক বছর পেরিয়ে গেলেও তারা গত লোকসভা নির্বাচনে শোচনীয় হার এখনো ‘হজম’ করতে পারেনি। খবর এনডিটিভির।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সম্প্রতি গণতন্ত্রের বিখ্যাত এক সংজ্ঞার অনুকরণে অভিযোগ করেন, মোদি ‘একজনের দ্বারা, নির্বাচিত গুটিকয়েক মানুষের জন্য কিছু মানুষের’ সরকার পরিচালনা করছেন।
বুধবার এর জবাবে মোদি বললেন, ‘এর আগে অসাংবিধানিক কর্তৃপক্ষই যে প্রকৃতপক্ষে সরকার চালাত, সম্ভবত তিনি (সোনিয়া) সে বিষয়টাই বোঝাতে চেয়েছেন।’
বর্তমান বিজেপি সরকারের আগে পরপর দুই মেয়াদে দায়িত্ব পালনকারী কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কোনো পদে ছিলেন না সোনিয়া গান্ধী। তবে তাঁর কথাতেই ইউপিএ সরকার ওঠ-বস করত বলে অভিযোগ বিরোধী রাজনীতিকদের।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেন, ‘সবার জন্য কাজ না করে ও কমিশন নেওয়ার মাধ্যমে তারা (কংগ্রেস) যেসব পাপ করেছে, জনগণ তার শাস্তি দিয়েছে।
মোদি-মনমোহন সাক্ষাতে গুঞ্জন: সাবেক ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার সন্ধ্যায় আকস্মিকভাবে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। এ নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়। কারণ, বুধবার দিনের শুরুর দিকেই মোদি সরকারকে কঠোরভাবে আক্রমণ করেছিলেন মনমোহন, যা তাঁর স্বভাবের সঙ্গে যায় না।
প্রধানমন্ত্রীর দপ্তর এই সাক্ষাৎকে বর্ণনা করেছে সৌজন্য সাক্ষাৎ হিসেবে। তাদের ভাষ্য, মোদি গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে এক বছর পূর্ণ করেছেন। আর এক বছর আগে দায়িত্ব নেওয়ার পর সদ্য ক্ষমতা ছাড়া মনমোহনের বাড়িতে গিয়েছিলেন মোদি।
মনমোহনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণে তাঁর সঙ্গে আজ (বুধবার) সাক্ষাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।...তাঁরা দেশের অর্থনৈতিক অবস্থা ও পররাষ্ট্রনীতি-সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন।’