ইকলাখ হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের একটি তদন্ত কমিশন বলেছে, গরুর মাংস রাখা ও খাওয়ার গুজবের জেরে গণপিটুনিতে নিহত মুহম্মদ ইকলাখকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনাটি তাৎক্ষণিক ছিল না। খবর বিবিসির।  

গত ২৮ সেপ্টেম্বর দিল্লিসংলগ্ন উত্তর প্রদেশের নয়ডার বিসাদা গ্রামে গরুর মাংস নিয়ে গুজবের পরিণতিতে উত্তেজিত জনতা ইকলাখের বাড়িতে হামলা করে তাকে পিটিয়ে হত্যা করে। পরে পরীক্ষা করে দেখা যায় ওই বাড়ির ফ্রিজে রাখা মাংস আসলে খাসির।

সংখ্যালঘু-বিষয়ক জাতীয় কমিশনের একটি প্যানেল সম্প্রতি বিসাদা গ্রাম পরিদর্শন করে। এরপর দেওয়া প্রতিবেদনে কমিশন বলেছে, এটি ছিল পরিকল্পিত হামলা। পরিকল্পনা করতে একটি হিন্দু মন্দিরকে ব্যবহার করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বেশির ভাগ গ্রামবাসী বলছেন, রাতের বেলা ওই হামলার সময় ইকলাখ ও তাঁর পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ওই সময়ে কয়েক মিনিটের মধ্যে হামলার জন্য এত বেশি লোকের জড়ো হওয়ার বিষয়টি ঘটনাটি যে পূর্বপরিকল্পিত ছিল তার ইঙ্গিত দেয়।

ঘটনার পর হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকারের মন্ত্রীরা বলেছিলেন, এটি ছিল উত্তেজিত হিন্দু সম্প্রদায়ের লোকের তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে প্রতিবেদন বলছে, তা স্বতঃস্ফূর্ত হামলা ছিল না।