ইচ্ছাকৃতভাবেই ক্যামেরা রাখা হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মৃতি ইরানি
স্মৃতি ইরানি

ভারতের গোয়ায় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ফ্যাবইন্ডিয়ার স্টলে গোপন ক্যামেরা ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছিল। ঘটনার তদন্তকারীরা এ দাবি করেছেন। তাঁরা ফ্যাবইন্ডিয়ার গ্রেপ্তার চার কর্মীর জামিনের আবেদন বাতিল দাবি করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি গত শুক্রবার ফ্যাবইন্ডিয়ার এক শোরুমের ট্রায়াল কক্ষে পোশাক পাল্টাতে গিয়ে সেদিকে তাক করা একটি সিসিটিভির ক্যামেরা দেখেন। এ নিয়ে হইচই ওঠার পর গোয়ার ক্যান্ডোলিনের ওই শোরুমের চারজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার গোয়ার মাপুসার আদালতে তদন্ত দলের পক্ষ থেকে দেওয়া লিখিত আবেদনে বলা হয়, মেয়েদের পোশাক পাল্টানোর ছবি ধারণ করার জন্য ফ্যাবইন্ডিয়ার ওই স্টলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং কর্মীরা ইচ্ছাকৃতভাবেই সেখানে ভিডিও ক্যামেরা রেখেছিলেন। নারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে এর মাধ্যমে। ধারণ করা ভিডিও পরে অভিযুক্ত এবং অন্যরা দেখেছে বলেও তদন্ত দলের আবেদনে বলা হয়।
এদিকে গোয়ার ঘটনার জেরে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌতে ৪৫টি তৈরি পোশাকের দোকানে ট্রায়ালরুমমুখী সিসিটিভি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানকার এক পুলিশ কর্মকর্তা বলেন, গোয়ার ঘটনার পর শহরের বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। তবে কোথাও আপত্তিকর কিছু পাওয়া যায়নি।