ইঁদুর মারতে ৫৫ লাখ রুপি!
যে বাসায় আপনি থাকেন, সেখানে কয়েক শ ইঁদুর থাকলে কেমন লাগবে আপনার? আর যদি বাসার বদলে জায়গাটা প্রাণ বাঁচানোর তাগিদে ছুটে আসা রোগীদের সেবাপ্রদানকারী হাসপাতাল হয়, তাহলে? এমনই একটি হাসপাতালের খোঁজ পাওয়া গেছে ভারতের মধ্যপ্রদেশে। সেখানে রোগীদের পাশাপাশি আছে হাজারো ইঁদুর। আর সেই ইঁদুরগুলো মারতে দরকার ৫৫ লাখ রুপির।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরের সরকারি মহারাজা ইয়াসওয়ানত্রে হাসপাতালে প্রতিদিন প্রায় এক হাজার মানুষ চিকিৎসাসেবার জন্যে আসে। আর হাসপাতালে এ মুহূর্তে ভর্তি আছে ৪০০ রোগী। আর এসব রোগীর ইঁদুরের উপদ্রব সহ্য করে হাসপাতালের সেবা নিতে হয়।
বছরের পর বছর হাসপাতাল কতৃর্পক্ষের সামনেই ইঁদুরের এই বংশ বিস্তার ঘটেছে। কিন্তু কোনো কিছুতেই টনক নড়েনি কতৃর্পক্ষের। যখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল, তখনই নড়ল টনক।
হাসপাতাল কতৃর্পক্ষ জানিয়েছে, হাসপাতালে প্রায় ১০ হাজার ছোট–বড় গর্ত রয়েছে। আর এসব গর্তে গড়ে প্রায় ৪ থেকে ১৪টি করে ইঁদুর আছে, যা চিকিৎসা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগে ফেলার পাশাপাশি অন্য রোগে আক্রান্ত করার আশঙ্কাও বাড়িয়ে তুলেছিল। রোগীদের চরম এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ৫৫ লাখ রুপি ব্যয়ে কীটপতঙ্গ ধ্বংসকারী একটি সংস্থাকে নিয়োগ দিয়েছে।
সংস্থাটি ইঁদুর মারতে তাদের ৪০ জন লোকের মাধ্যমে হাসপাতালের বিভিন্ন কোণে চিংড়ি মাছ বা পচা খাবারকে টোপ হিসাবে ব্যবহার করছে। আর এতেই তারা হিমশিম। এখন পর্যন্ত নানাভাবে চেষ্টা করে সংস্থাটির কর্মীরা প্রায় দুই হাজার ইদুর মেরেছেন।
সংস্থাটি জানিয়েছে ইঁদুরের উপদ্রপ থেকে পুরো হাসপাতালকে মুক্ত করতে তাদের সময় লাগবে প্রায় এক মাস। তাদের আশা, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এ সমস্যার সমাধান তাঁরা করতে পারবেন।