‘জনতার শাসন’ ধারণাটি সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণেই আজকের দিনে দ্রুত প্রকাশ পাচ্ছে। কিন্তু ইন্টারনেট এমন একটি প্ল্যাটফর্ম দিচ্ছে, যেটি একদিকে গণতান্ত্রিক, অন্যদিকে বিপজ্জনকও। ভারতের নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ইন্টারনেট সম্পর্কে এমনটিই বললেন নোবেলজয়ীরা। খবর এনডিটিভি, বিজনেস স্ট্যান্ডার্ড ও ইকোনমিক টাইমসের।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি ও ব্যবসায়িক গোষ্ঠী টাটা কনসালটেন্সি সার্ভিস যৌথভাবে গত বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘নোবেল সলিউশনস’ নামের এ অনুষ্ঠানে ছয়জন নোবেলজয়ী অংশ নেন। তাঁরা হলেন ২০১১ সালে শান্তিতে নোবেলজয়ী লাইবেরীয় শান্তিকর্মী লিয়েমাহ রোবার্তা জিবোয়ি, ২০০৯ সালে রসায়নে নোবেলজয়ী ভারতে জন্ম নেওয়া মার্কিন ও ব্রিটিশ জীববিজ্ঞানী ভি. রামকৃষ্ণান, ২০১৪ সালে শান্তিতে নোবেলজয়ী ভারতীয় সমাজকর্মী কৈলাস সত্যার্থী, ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন, ২০১৫ সালে পদার্থে নোবেলজয়ী কানাডীয় অধ্যাপক আর্থার ম্যাকডোনাল্ড ও ১৯৯৮ সালে শান্তিতে নোবেলজয়ী ব্রিটিশ রাজনীতিক ডেভিড ট্রিম্বল। বিশ্ব ইন্টারনেটসহ যেসব বিষয় নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি, সেগুলো নিয়ে তাঁরা আলোচনা করেন।
ভি. রামকৃষ্ণান বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে এখন জনতার শাসন অনেক বেশি দ্রুততার সঙ্গে প্রকাশ পেতে পারে। আমার মতে, এটা একটা বিপদ।’ তাঁর মতে, ইন্টারনেট সন্ত্রাসবাদসহ বিভিন্ন বিপজ্জনক ও সমাজবিরোধী আচরণের প্রচারণা চালাতেও ব্যবহৃত হয়ে থাকে। তাই সরকারগুলো ইন্টারনেটের ফাঁকফোকর কঠোর হাতে দমন করতে বাধ্য।
অমর্ত্য সেন বলেন, ‘তথ্য অধিকতর সহজে ও সম্প্রসারিতভাবে পাওয়ার ক্ষেত্রে ইন্টারনেটের অবদান রয়েছে। কিন্তু অন্যদিকে এটা শিক্ষিত ও অশিক্ষিত ব্যক্তিদের মধ্যে বিদ্যমান বিভাজনকে আরও শক্ত করছে। আমাদের ভারতের মতো একটি দেশে বিপুলসংখ্যক বিভাজন বিদ্যমান। তার সঙ্গে এই ডিজিটাল বিভাজনও যুক্ত হচ্ছে।’