ইন্দো-মিয়ানমার সীমান্ত নিয়ে বৈঠক কাল
মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সীমান্তবর্তী চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে উত্তর-পূর্ব ভারতের মিজোরামের রাজধানী আইজলে উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করেছেন।
আগামীকাল সোমবার উত্তর-পূর্ব ভারতের মিজোরামের রাজধানী আইজলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে হেলিকপ্টারে করে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত পরিদর্শনের কথা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে থাকবেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজেজু, স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষি, আসাম রাইফেলসের সুপ্রিমো লে. জেনারেল এস চৌহান প্রমুখ। বৈঠকে যোগ দেবেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থানহাওলা, অরুণাচল প্রদেশের পেমা খান্ডু, নাগাল্যান্ডের সুরজোলি লিজিয়েতসু এবং মণিপুরের এন বীরেন সিং ছাড়াও উচ্চপদস্থ সরকারি আধিকারিকেরা।
সম্প্রতি মিয়ানমারের ২৮০ জন নাগরিক সীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়েন। পরে নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা তাঁদের ফেরত পাঠিয়ে দেন। এক হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ ভারত-মিয়ানমার সীমান্তে বেশিরভাগ অংশে কাঁটাতারের বেড়া নেই। ভারতীয় সেনার নিয়ন্ত্রণাধীন আসাম রাইফেলসের ওপর এই সীমান্ত রক্ষার ভার দেওয়া রয়েছে। তবে সীমান্তের দুই দিকের ১৬ কিলোমিটার এলাকায় দুই দেশের বাসিন্দারা অবাধে চলাচল করতে পারেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে মিজোরামের ৫১০ কিলোমিটার, অরুণাচলের ৫২০ কিলোমিটার, নাগাল্যান্ডের ২১৫ কিলোমিটার এবং মণিপুরের ৩৯৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের বেশির ভাগটাই দুর্গম পাহাড়ি এলাকায়।