ইভানকা আসবেন বলে!

ভারতের দক্ষিণাঞ্চলের হায়দরাবাদে ভিক্ষুক খুঁজে বের করার জন্য নাগরিকদের ৫০০ রুপি করে পুরস্কার দেওয়ার ঘোষণা হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে হায়দরাবাদ শহরকে ‘ভিক্ষুকমুক্ত’ করতে সম্প্রতি এ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, হায়দরাবাদের পুলিশ কমিশনার আগামী দুই মাস শহরে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করেছেন। সমালোচকেরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের আসন্ন সফর উপলক্ষেই শহরকে ভিক্ষুকমুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এটি অস্বীকার করেছেন।
চলতি মাসের ২৮ ও ২৯ তারিখ একটি সম্মেলনে যোগ দিতে হায়দরাবাদ আসার কথা রয়েছে ইভানকার। এর আগে ২০০০ সালের মার্চে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন যখন হায়দরাবাদে এসেছিলেন, তখনো শহরটির সব ভিক্ষুককে সরিয়ে নেওয়া হয়েছিল।
হায়দরাবাদের বিভিন্ন মসজিদ-মন্দির, বাস ও রেলওয়ে স্টেশনে ভিক্ষুকদের আনাগোনা বেশি থাকে। গত সপ্তাহ থেকে এসব জায়গায় পুলিশ অভিযান চালিয়ে ভিক্ষুকদের আটক করছে। এই ভিক্ষুকদের শহরের কেন্দ্রীয় কারাগারের কাছে থাকা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হচ্ছে।
পুনর্বাসন কেন্দ্রের প্রধান এম সম্পত বলেন, ‘কারাগার কর্তৃপক্ষ মাথাপিছু ৫০০ রুপি প্রণোদনা হিসেবে দিচ্ছে। এর উদ্দেশ্য ভিক্ষাবৃত্তি সংশ্লিষ্ট আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। এর ফলে হায়দরাবাদের মানুষ লাভবান হবে। কারা কর্তৃপক্ষ ভিক্ষুকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে। এতে করে ভিক্ষুকেরা কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবে।’
রাজ্য সরকার বলছে, এখনো পর্যন্ত ৩৬৬ জন ভিক্ষুককে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। এর মধ্যে ১২৮ জন পুনর্বাসন কেন্দ্রে থাকার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ২৩৮ জন ভিক্ষা না করার শর্তে বাড়ি ফিরে গেছেন।
সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন, চলমান অভিযানের কারণে হায়দরাবাদের আনুমানিক ৫ হাজার ভিক্ষুক অন্য শহরে চলে গেছেন। তবে আগামী বছরের ৭ জানুয়ারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর তাঁদের শহরে ফেরা আদৌ আটকানো যাবে কি না, সেটি নিয়ে সংশয় রয়েছে।