ইভিএম মেশিন চ্যালেঞ্জে দুই ভারতীয় দল
শুধু দুটি দল ভারতের নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ গ্রহণ করল। শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ও সিপিএম। আগামী ৩ জুন এই দুই দল ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি করা যায় কি না কিংবা গেলে কীভাবে তা নির্বাচন কমিশনকে করে দেখাবে।
ইভিএমে কারচুপি করে বিজেপি উত্তর প্রদেশে ভোট জিতেছে, এই অভিযোগে সরব হয়েছিল আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস এবং কিছুটা কংগ্রেসও। দিল্লি পুরসভার ভোটে বিজেপির জয়জয়কারের পরও আম আদমি পার্টি সেই অভিযোগ তোলে। এরপর থেকেই নির্বাচন কমিশনের ওপর একটা চাপ সৃষ্টি হতে থাকে। কমিশনের পক্ষ থেকে পরে বলা হয়, কোনোভাবেই ইভিএমে কারচুপি করা সম্ভব নয়। কিন্তু তা সত্ত্বেও কমিশন জানায়, কেউ যদি তা প্রমাণ করতে পারে, তাহলে সেই চ্যালেঞ্জ তাদের জানানো হচ্ছে।
কমিশন জানিয়েছিল, রাজনৈতিক দলগুলোকে চার ঘণ্টা করে সময় দেওয়া হবে। প্রতি দলের তিনজন ইভিএম ‘হ্যাক’ করার সুযোগ পাবেন। তবে সে জন্য ২৫ মে-র মধ্যে কমিশনের কাছে আবেদন জানাতে হবে। গত শুক্রবার কমিশন জানায়, এনসিপি ও সিপিএম শুধু এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। বাকি কয়েকটি দল জানিয়েছে, কারচুপি করা যায় কি না, তা দেখতে তারা আগ্রহী। রাষ্ট্রীয় জনতা দলের আবেদন খারিজ হয়েছে ঠিক সময়ে আবেদন না পৌঁছানোয়। আম আদমি পার্টি কমিশনের শর্ত মেনে চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হয়নি। কংগ্রেসও বলেছে, এত শর্ত মানা তাদের পক্ষে সম্ভব নয়। কমিশন যেন যেকোনো ধরনের কারচুপির সম্ভাবনা দূর করে।
নির্বাচন কমিশন জানিয়েছে, যে ইভিএমগুলো চ্যালেঞ্জারদের দেওয়া হবে, সেগুলো উত্তর প্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখন্ডের ভোটে ব্যবহৃত হয়েছিল।