ইভিএমে কারচুপির ভিডিও প্রকাশ করল এএপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনে ইভিএমে কারসাজি করে ফল বদলে দেওয়া বলে আম আদমি পার্টি (এএপি) যে অভিযোগ করে আসছিল, এবার সেই অভিযোগের পক্ষে ভিডিও প্রকাশ করেছে দলটি। দলটির জ্যেষ্ঠ নেতা ও রাজ্যসভা এমপি সঞ্জয় সিং গতকাল শনিবার এই দাবি তোলেন। তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে এমন দুটি ভিডিও প্রকাশ করে। তিনি বলেন, অবৈধভাবে ভোট মেশিন নিয়ে যাওয়া হয়েছে।

একটি ভিডিওতে তিনি লেখেন, ‘ইভিএমের সঙ্গে কি বাহিনী যায় না? বাবরপুর বিধানসভা কেন্দ্রের সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে ইভিএমের সঙ্গে ধরা পড়েছেন তাঁরা’।

আরেকটি টুইটের ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তা দিয়ে ভোটযন্ত্র নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে লেখা ‘নির্বাচন কমিশনকে তদন্ত করে দেখতে হবে, ভোটযন্ত্রগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। কাছাকাছি কোথাও গণনা কেন্দ্র নেই।’

তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক দলের এজেন্টদের সামনেই ভোটের কাজে ব্যবহার করা সব ইভিএম মেশিন সিল করা হয়েছে এবং ভোটকেন্দ্র থেকে সরাসরি স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয়েছে।

কমিশনের এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, ‘ভোটের কাজে ব্যবহার করা সব ভোটযন্ত্র দায়িত্ব সহকারে রাখা হয়েছে। গণনা কেন্দ্রগুলোতে পুলিশি নিরাপত্তায় ইভিএমগুলো রাখা হয়েছে এবং বাইরে থাকতে চাইলে দলের এজেন্টদের থাকার অনুমতি দেওয়া হয়েছে।’

ভোট গ্রহণের পরই শুরু হয় বুথফেরত জরিপ বা এক্সিট পোল। ভোট শেষে যতগুলো বুথফেরত সমীক্ষার ফল জানা গেছে, প্রতিটিই বলেছে, এবারও সরকার গড়ছে আম আদমি পার্টি।

তবে গতকাল ভোটগ্রহণ শেষ হতেই, ইভিএম নিয়ে অভিযোগে সরব হয়ে উঠে আম আদমি পার্টি। সন্ধ্যায় দলের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের কাছে খবর আছে নির্বাচন কর্মকর্তা ‘বেআইনিভাবে’ ইভিএম নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘খবর পাওয়া গিয়েছে নির্বাচন কর্মকর্তারা বেআইনিভাবে বিভিন্ন জায়গা থেকে ইভিএম নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ইভিএম সিল করা উচিত এবং সরাসরি স্ট্রং রুমে নিয়ে যাওয়া উচিত। ভোটযন্ত্রগুলো নির্বাচন কর্মকর্তাদের হাতে গেল কীভাবে?’

পরে সন্ধ্যায় উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ইভিএম মেশিনের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তাঁরা।

আগামী মঙ্গলবার দিল্লি বিধানসভার ফলাফল ঘোষণা করা হবে।

২০১৭ নির্বাচনের পর থেকেই ইভিএম কারচুপির অভিযোগে সরব আম আদমি পার্টি, সেবার উত্তর প্রদেশে ব্যাপক জয় পেয়েছিল বিজেপি। নির্বাচন কমিশনের তরফে সেই অভিযোগ উড়িয়ে দেওয়ার পরেও তা চলতে থাকে, এবং বিরোধীদের ইভিএম হ্যাক করার চ্যালেঞ্জ জানানো হয়। যদিও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেনি আম আদমি পার্টি।

বিজেপি নেতা মনোজ তিওয়ারি গতকাল দল ৪৮টি আসন পেয়ে জিতবে বলে দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, অন্য দলগুলো যেন ইভিএম কারচুপির অভিযোগ না তোলে। টুইটে তিনি লেখেন, ‘এসব এক্সিট পোল ব্যর্থ হবে। এই টুইট সেভ করে রাখুন। ৪৮টি আসন পেয়ে দিল্লিতে সরকার গড়বে বিজেপি। দয়া করে ইভিএমকে নিয়ে কোনো অজুহাত বা দোষ খুঁজবেন না।’