ইমানের পথে তিন শিশু
ইমানের পর এবার মুম্বাইয়ের সাইফি হাসপাতালের দ্বারস্থ হতে চাইছে গুজরাটের তিন শিশুর পরিবার। তারাও চায় তাদের তিন শিশু ইমানের মতো বাড়তি ওজন ঝরিয়ে ফেলুক। আর পাঁচটা শিশুর মতো সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুক।
মিসরীয় ইমান আহমেদ প্রায় ৫০০ কেজি ওজন নিয়ে গত ১১ ফেব্রুয়ারি ভর্তি হয়েছিলেন ভারতের সাইফি হাসপাতালে। ৩২৪ কেজি ওজন কমিয়ে দুই দিন আগে তিনি হাসপাতাল ছেড়েছেন।
মিসরীয় ইমান আহমেদ আবুধাবিতে চিকিৎসার জন্য রওনা হতে না-হতেই গুজরাটের তিন স্থূলকায় শিশু হর্ষ (৩), অনিশা (৫) এবং যোগিতা (৭) তাদের পরিবারের সঙ্গে সোজা পৌঁছে গেছে সাইফি হাসপাতালের চৌহদ্দিতে। এখনই তিন বছরের হর্ষের ওজন ২৫ কেজি, পাঁচ বছরের অনিশার ওজন ৬০ কেজি এবং সাত বছরের যোগিতার ৪৫ কেজি।
এই তিন পরিবারের দাবি, ইমানের ঘটনা সংবাদপত্রের মাধ্যমে জানার পর তারা আর দেরি না করে সাইফি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। ওদের কথামতো অনেক আশা নিয়ে তারা মুম্বাই এসেছে।