ইরানের গ্যাসক্ষেত্র উন্নয়নে ভারতের নতুন প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের ‘ফরজাদ বি’ গ্যাসক্ষেত্র। ছবি: রয়টার্স
ইরানের ‘ফরজাদ বি’ গ্যাসক্ষেত্র। ছবি: রয়টার্স

ইরানের অন্যতম বৃহত্তম গ্যাসক্ষেত্র ‘ফরজাদ বি’র উন্নয়নে ৩০০ থেকে ৪০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ভারত। গত সপ্তাহে ভারত এই প্রস্তাব দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।

ভারত ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই গভীর বাণিজ্য সম্পর্ক হয়েছে। এমনকি পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা চলার বছরগুলোতেও ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রেখেছিল ভারত। গত বছর এই সম্পর্কে কিছুটা চিড় ধরে, যখন তেহরান ওই গ্যাসক্ষেত্রের জন্য অন্য বিদেশি বিনিয়োগকারী খুঁজতে থাকে। সে সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে রাশিয়ার গাজপ্রমকে উপহারস্বরূপ এটি দেবে তেহরান। এরপর পাল্টা জবাবে ইরান থেকে তেল আমদানি কমাতে দেশীয় আমদানিকারকদের নির্দেশ দেয় ভারত।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে এক বৈঠকে ইরান ‘ফরজাদ বি’ গ্যাসক্ষেত্রের জন্য উন্নয়ন পরিকল্পনার সুযোগ কমিয়ে দেয়। এবং ভারতকে একটি সংশোধিত প্রস্তাব দিতে বলে।

২০০৮ সালে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি) বিদেশ’ প্রথম আবিষ্কার করে ইরানের এই গ্যাসক্ষেত্র। তখন থেকেই নয়াদিল্লি ও তেহরানের মধ্যে ‘ফরজাদ বি’র উন্নয়নের অধিকার নিয়ে লড়াই শুরু হয়। ভারতীয় কোম্পানিগুলো মনে করে, এটির উন্নয়নের প্রধান অধিকার ভারতের।

নতুন পরিকল্পনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রয়টার্স ‘ওএনজিসি বিদেশের’ সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে। প্রতিষ্ঠানটি জানায়, ‘এখনো সব আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় এ বিষয়ে কোনো মন্তব্য করবে না তারা।’ অবশ্য আগামী সপ্তাহে সংশোধিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন নয়াদিল্লিতে সফররত ইরানের জ্বালানিমন্ত্রী বাইজান জাঙ্গানেহ।

এর আগে গত বছর এই প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের উন্নয়নে ১ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দেয় ভারত। এ প্রকল্পের আওতায় জ্বালানি রপ্তানির জন্য উপযুক্ত অবকাঠামো নির্মাণ করা হয়। ইরানের ওই গ্যাসক্ষেত্রে প্রায় ২২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে।