ইশতেহার: প্রতিশ্রুতির দৌড়ে কংগ্রেস-বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী
নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে বৃহস্পতিবার থেকে। নির্বাচনী স্লোগানে কাঁপছে পুরো ভারত। একদিকে দেশ চষে বেড়াচ্ছে গান্ধী পরিবার। অন্যদিকে বসে নেই নরেন্দ্র মোদির বিজেপিও। এর বাইরে অন্যান্য আঞ্চলিক ও জাতীয় রাজনৈতিক দলের প্রচার তো আছেই। অবশ্য নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকার গঠনের প্রশ্নে সবাই তাকিয়ে আছে কংগ্রেস-বিজেপি দ্বৈরথের দিকে।

লোকসভার আসন ৫৪৩টি। এবারের নির্বাচনে ভোট দেবেন ৮১ কোটি ৪০ লাখ ভোটার। সর্বশেষ নির্বাচন থেকে এবার ১০ কোটি ভোটার বেশি। এঁদের মধ্যে দুই কোটি ৩০ লাখ নতুন ভোটার। নির্বাচন হবে নয় লাখ ৩০ হাজার ভোটকেন্দ্রে। এবারের ভোটদাতাদের ৯৯ শতাংশই ভোট দিতে পারবেন ভোটার পরিচয়পত্র দিয়ে। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে জয়ী হতে হবে ২৭২টি আসনে।

আসুন, দেখে নেওয়া যাক নির্বাচন ঘিরে নিজেদের ইশতেহারে কী কী প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস ও বিজেপি।

১. কাশ্মীর
ভারতের রাজনীতিতে কাশ্মীর সব সময়ই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিক দিনগুলোয় এর গুরুত্ব আরও বেড়েছে। বিজেপি নির্বাচনী ইশতেহারে বলেছে, কাশ্মীর প্রশ্নে জাতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করবে তারা। দলটি বলছে, সংবিধানের ৩৫ ধারা অত্যন্ত বৈষম্য সৃষ্টিকারী এবং এবার কেন্দ্রীয় সরকার গঠন করতে পারলে তা রদ করা হবে। কাশ্মীরি পণ্ডিতদের নিরাপদে কাশ্মীরে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করতে চায় বিজেপি। এ ছাড়া পাকিস্তানের পশ্চিমাঞ্চল থেকে আসা শরণার্থীদের পুনর্বাসনে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি।

কংগ্রেস বলছে, জাতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ব্যবস্থা তারা নেবে না। এর বদলে সুশীল সমাজের তিন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটি আলোচক কমিটি করা হবে। এই কমিটি কাশ্মীরে বলবৎ থাকা বিতর্কিত ‘আফসপা’ আইন (বিশেষ সামরিক আইন: এটি সামরিক বাহিনীর সদস্যদের বিশেষ ক্ষমতা দেয়) পুনর্বিবেচনা করে দেখবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কাজ করবে। ভারতজুড়ে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর চালানো হয়রানি ও নির্যাতনের বিষয়টি ইশতেহারে উল্লেখ করেছে কংগ্রেস। দলটি বলছে, নির্বাচিত হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২. উত্তর-পূর্বাঞ্চল
নাগরিকত্ব সংশোধন বিলের সমর্থনে আগের মতো কঠোর অবস্থানেই আছে বিজেপি। নির্বাচনী ইশতেহারে দলটি বলেছে, এই আইনের যেসব বিষয় নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকেরা আপত্তি তুলেছে, সেগুলো সমাধান করা হবে। ওদিকে কংগ্রেস বলছে, নির্বাচিত হলে নাগরিকত্ব সংশোধন বিল প্রত্যাহার করে নেওয়া হবে।

৩. সন্ত্রাসবাদ
বিজেপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, তাদের কাছে দেশ সবার আগে। নিজেদের জাতীয়তাবাদী ভাবনা স্পষ্টভাবেই উল্লেখ করেছে দলটি। বিশেষ করে সার্জিক্যাল স্ট্রাইক ও সম্প্রতি পাকিস্তানের বালাকোটে হামলা চালানোর পর এ–সংক্রান্ত চিন্তা আরও শক্তিশালী করেছে বিজেপি। দলটি বলছে, ফের নির্বাচিত হলে সন্ত্রাসবাদের প্রতি তাদের সরকারের দৃষ্টিভঙ্গি হবে ‘জিরো টলারেন্স’। একই সঙ্গে জঙ্গিদের মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে ব্যবহার করার কথাও বলা হয়েছে বিজেপির ইশতেহারে।

কংগ্রেস নির্বাচনী ইশতেহারে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দিয়েছে। দলটি বলেছে, নির্বাচিত হলে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার স্থাপন করবে কংগ্রেস। সরকারের গঠনের তিন মাসের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

৪. কৃষক
বিজেপি বলছে, নির্বাচিত হলে দেশের কৃষকদের জন্য ‘কিষান সম্মান নিধি’ নামের প্রকল্প চালু করা হবে। এই প্রকল্পের আওতায় দেশের সব কৃষককে বছরে মাথাপিছু ছয় হাজার রুপি করে দেওয়া হবে। এ ছাড়া আগামী পাঁচ বছরে ভারতের গ্রামীণ উন্নয়নে ব্যয় করা হবে ২৫ লাখ কোটি রুপি। ২০২২ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্যোগ নেবে বিজেপি। আর ৬০ বছরের বেশি বয়সী কৃষকদের দেওয়া হবে পেনশন।

অন্যদিকে কংগ্রেস বলছে, দেশের কৃষকদের জন্য পৃথক বাজেট প্রণয়ন করবে তাদের সরকার। যেসব কারণে ভারতের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেগুলো চিহ্নিত করে দূর করার ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কৃষিখামারের বিপরীতে নেওয়া খেলাপি ঋণকে ফৌজদারি অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হবে। বিমা কোম্পানিগুলো চালু করতে পারবে ফসল বিমা, যাতে প্রাকৃতিক দুর্যোগে প্রত্যক্ষভাবে লাভবান হবে কৃষকেরা।

৫. কর্মসংস্থান
২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়লাভের পর মোদির বিজেপি বলেছিল, ব্যাপক আকারে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কিন্তু তা আর হয়নি। এবারের লোকসভা নির্বাচনের ইশতেহারে বিজেপি বলেছে, অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীকে কোটাসুবিধা দেওয়া হবে।

কংগ্রেস বলছে, কেন্দ্রীয় সরকার ও অন্যান্য সরকারি সংস্থার চার লাখ শূন্য পদের সব কটিতে নিয়োগ দেবে তাদের নির্বাচিত সরকার। ২০২০ সালের মধ্যে এত বিপুল কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ নিশ্চিত করা হবে। দেশের সব গ্রাম পঞ্চায়েতে মোট ১০ লাখ ‘সেবা মিত্র’ নিয়োগ দেওয়া হবে।

৬. নারী
এ বিষয়ে কংগ্রেসের প্রতিশ্রুতি হলো নির্বাচিত হলে উইমেন্স রিজার্ভেশন বিল পাস করা হবে। এ ছাড়া পুরুষদের তুলনায় নারীদের সমান বেতন নিশ্চিত করতে আইনের প্রয়োগ কঠোর করা হবে। ইশতেহারে কংগ্রেস বলছে, কেন্দ্রীয় সরকারে নারীদের ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি বন্ধে বিদ্যমান আইন আরও কঠোর করা হবে।

অন্যদিকে, বিজেপি বলছে, সংবিধান সংশোধন করে পার্লামেন্টের উভয় কক্ষে নারীদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণ করা হবে। নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ ক্রমান্বয়ে বাড়ানো হবে। ইশতেহারে দলটি বলছে, নির্বাচিত হলে তিন তালাক নিষিদ্ধ করা হবে।

৭. স্বাস্থ্য খাত
কংগ্রেস বলছে, কেন্দ্রে সরকার গঠন করতে পারলে দলটি দেশের প্রত্যেক নাগরিককে চিকিৎসাসেবার আওতায় নিয়ে আসার চেষ্টা করবে। কোনো নাগরিক যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করা হবে। এ ছাড়া ভারতীয় সরকারের প্রতিষ্ঠান ‘আয়ুশ’-এর প্রচার আরও বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

বিজেপি অবশ্য এই খাত নিয়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি। দলটির ইশতেহারে বলা হয়েছে, ২০২২ সালের মধ্যে ভারতজুড়ে মোট দেড় লাখ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার স্থাপন করা হবে। এ ছাড়া স্বাস্থ্য খাতের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী কেনাকাটায় নতুন নীতি নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

বিজেপির ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে প্রতিবেশীদের সঙ্গে বিদ্যমান বাণিজ্য সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়ে দিয়েছেন, ফের নির্বাচিত হলে বিজেপি সরকার বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করবে। এই তিনটি দেশের সঙ্গে সমস্ত বাণিজ্য কর্মকাণ্ড সমন্বিত তল্লাশিচৌকির মাধ্যমে সম্পন্ন হবে। এ ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তিন দেশের সঙ্গে পর্যটনও একই ব্যবস্থায় পরিচালিত হবে।

ওপরের আলোচনায় এটি স্পষ্ট যে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির দিক থেকে প্রায় বিপরীত অবস্থানে রয়েছে বিজেপি ও কংগ্রেস। ইশতেহারে স্বাভাবিকভাবেই নিজেদের আদর্শিক অবস্থানের জানান দিয়েছে দল দুটি। এখন ভারতের জনগণ কাকে বেছে নেবে, সেটি জানার জন্য ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিনই জানা যাবে ভোটের ফল।

তথ্যসূত্র: দ্য কুইন্ট