ইশরাত লস্করের জঙ্গি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজরাটের আহমেদাবাদ পুলিশের গুলিতে নিহত ইশরাত জাহান সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তাইয়েবার আত্মঘাতী জঙ্গি ছিলেন। মার্কিন মুলুকে বন্দী সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলি গতকাল বৃহস্পতিবার এই দাবি করেছেন। মুম্বাইয়ের আদালতে কয়েক দিন ধরে ভিডিও যোগাযোগ মারফত হেডলির জেরা ও জবানবন্দি চলছে।
মুম্বাইয়ের ১৯ বছরের কলেজছাত্রী ইশরাত জাহান ও তাঁর তিন পুরুষ সঙ্গী ২০০৪ সালে আহমেদাবাদে এক পুলিশি চৌকির সামনে নিহত হন। সেই সময় নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ। এই হত্যাকাণ্ডকে ঘিরে কংগ্রেস ও বিজেপির মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপান-উতোর চলেছে। বিজেপির দাবি, পুলিশের সঙ্গে সংঘর্ষে ওই সন্ত্রাসীদের মৃত্যু হয়। কংগ্রেসের অভিযোগ, সংঘর্ষ ছিল ভুয়া।
সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম গতকাল মুম্বাইয়ে সংবাদমাধ্যমকে এই খবর দিয়ে বলেন, জেরার জবাবে হেডলি জানিয়েছেন, লস্কর কমান্ডার জাকিউর রহমান লাকভি ও সেই সংগঠনের মিলিটারি প্রধান মুজাম্মিল ভাটের কথাবার্তায় তিনি ইশরাত জাহানের নাম শুনেছিলেন। হেডলি বলেন, পরে তিনি এই কথাটা তুলতে মুজাম্মিল তাঁকে ইশরাতের কথা জানিয়ে বলেছিলেন, ওর জন্যই একটা ‘অপারেশন’ ব্যর্থ হয়েছে। একটা পুলিশি চৌকিতে সংঘর্ষে ইশরাতের মৃত্যু হয়েছিল। কিন্তু ঠিক কোথায় ঘটনাটা ঘটেছিল, হেডলি তা মনে করতে পারেননি।
জবানবন্দির সঙ্গে সঙ্গেই কংগ্রেস-বিজেপির লড়াই শুরু হয়েছে। বিজেপি জানিয়েছে, হেডলির বক্তব্যের পর এটা প্রমাণ হয়ে গেল, ইশরাত জাহান সন্ত্রাসী ছিলেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে সঙ্গীসহ তাঁর মৃত্যু হয়েছিল।
বিজেপির এই দাবির পরিপ্রেক্ষিতে কংগ্রেস মুখপাত্র মনীশ তিওয়ারি বলেন, দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, ইশরাত জাহান লস্কর-ই-তাইয়েবার আত্মঘাতী জঙ্গি ছিলেন কি না, দ্বিতীয়ত, ভুয়া সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়েছিল কি না। মনীশ বলেন, এই মামলা দুই বছর ধরে গুজরাট হাইকোর্টে চলেছিল। হাইকোর্টই তদন্তের দায়িত্ব দেন সিবিআইয়ের ওপর। সিবিআইয়ের অভিমত ছিল, সংঘর্ষের দাবিটি ভুয়া।