ইসরায়েলের সঙ্গে ভারতীয় বাহিনীর তুলনা মোদির

গত মাসে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ‘সার্জিক্যাল স্ট্রাইকসের’ (নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা) প্রশংসা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আগে ইসরায়েলের সেনাবাহিনী এ ধরনের অভিযান চালাত। এখন সবাই জানতে পেরেছে ভারতের সেনাবাহিনী এ ধরনের অভিযানে সক্ষম। তারা কোনো অংশে কম নয়।
হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় গতকাল মঙ্গলবার এক জনসমাবেশে ভারতের প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি হিমাচলের ভূমিকে বীরের ভূমি হিসেবে আখ্যায়িত করে বলেন, এখানে প্রায় প্রতিটি পরিবার থেকেই সৈনিকের জন্ম হয়।
নরেন্দ্র মোদি বলেন, শত্রুদেশ ও জঙ্গিগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইসরায়েল পরিচিত। এখন ভারতও এ কাজে বেশ পারঙ্গম হয়ে উঠেছে।
গত ২৯ সেপ্টেম্বর কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) পার হয়ে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে কথিত সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে ভারত। তবে পাকিস্তান বলেছে, ভারতের গোলাগুলিতে তাদের দুজন সেনাসদস্য নিহত হলেও ভারতীয় সেনারা সীমান্ত অতিক্রম করেনি।
ভারতের ওই সামরিক অভিযান উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার জবাব বলে মনে করা হয়। সেই হামলায় ভারতীয় ১৯ জন সেনাসদস্য নিহত হয়েছিলেন।
বিজেপি সরকার অবশ্য এ ঘটনায় রাজনৈতিক ফায়দা নিতে চাইছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো। প্রধান বিরোধী দল কংগ্রেস ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ওই ঘটনার বিস্তারিত প্রকাশের দাবি করেছেন। বিরোধী দল বলছে, পাকিস্তানের দাবি খণ্ডানোর জন্য সরকারের উচিত ওই অভিযানের তথ্য-প্রমাণ উপস্থাপন করা। তবে ভারতের সেনা কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার জানিয়ে দিয়েছে, ওই অভিযান সম্পর্কে যা বলা সম্ভব তা জানানো হয়েছে। এর চেয়ে বেশি কিছু প্রকাশ করা যাবে না। জম্মু ও কাশ্মীরের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শাতিস দো এ কথা বলেছেন।
এড়িয়ে গেল যুক্তরাষ্ট্র
এদিকে ব্রিকস সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ বলার বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য এড়িয়ে গেল যুক্তরাষ্ট্র।
গত সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘ওই মন্তব্যের ব্যাপারে আমাকে এখনো কিছু জানানো হয়নি। সাধারণভাবে আমি এটুকুই বলতে পারি যে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিদ্যমান গভীর মতবিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের বিষয়টি আমরা উৎসাহিত করব।’
ভারতের গোয়ায় মোদির ওই মন্তব্যের পর পাকিস্তানের পুরোনো মিত্র চীন ইতিমধ্যেই তার প্রতি সমর্থন জানিয়েছে।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইংকে মোদির মন্তব্যের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেছিলেন, ‘আমরা সুনির্দিষ্ট কোনো দেশ, জাতি বা ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদকে জড়িত করারও বিরোধিতা করি।’
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা নিহত হওয়ার পর থেকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে একঘরে করতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছেন। ব্রিকস সম্মেলনে করা তাঁর ওই মন্তব্য সেই প্রচেষ্টারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।