ইসির নির্দেশে নজরবন্দী হলেন তৃণমূলের অনুব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ১১টি আসনের বিধানসভা নির্বাচন আগামীকাল ১৭ এপ্রিল। একই দিন অবশ্য বীরভূমসহ আরও ছয়টি জেলার ৫৬টি আসনে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্নেহধন্য’ এই নেতা বীরভূমে নির্বাচনের আগে ঘোষণা দিয়েছেন যে তাঁর এলাকায় বিরোধীরা ভোট দিতে পারবে না। ভোটকেন্দ্রে থাকতে পারবে না বিরোধী দলের এজেন্ট। বিরোধীদের ভোটকেন্দ্রে যাওয়ারও প্রয়োজন নেই।

অনুব্রতের বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ দায়ের হয়েছে প্রশাসনিক পর্যায়ে, নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগ থেকেই। কিন্তু মমতার স্নেহধন্য বলে তাঁর বিরুদ্ধে কেউ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নির্বাচনের অগ্রগতি নিয়ে পর্যালোচনার জন্য ভারতের প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাইদির নেতৃত্বে ১০ সদস্যের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ এসেছিল কলকাতায়। সেখানেই তৃণমূল বাদে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তখনই প্রধান নির্বাচন কমিশনার জানিয়ে দেন, অনুব্রতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শুক্রবার নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অনুব্রত মণ্ডলকে নজরবন্দী রাখার। বলা হয়েছে, আজ শনিবার থেকে এই নজরবন্দী কার্যকর হবে। অনুব্রতর এই নজরবন্দীকালে তাঁর সঙ্গে থাকবেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ১৪ জন জওয়ান। আর তাঁর গতিবিধির ভিডিও করা হবে।