শেষ পর্যন্ত বিরোধী দলগুলোর সমালোচনা ও চাপের কাছে কিছুটা নতিস্বীকার করেই নির্বাচন কমিশন (ইসি) কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরিয়ে দিল। রাজীব কুমারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শাসক দলের হয়ে পক্ষপাতিত্বমূলক কাজ করার অভিযোগে বিরোধী দলগুলো সোচ্চার ছিল।
বিধানসভা ভোটের মুখে কলকাতা পুলিশের দুই সদস্য আচমকাই বিজেপি দপ্তরে ঢুকে ওই দলের সর্বভারতীয় সম্পাদক ও কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের নির্বাচনে প্রার্থী রাহুল সিনহাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে ধরা পড়েন। তখনই বিরোধী দলগুলো পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ এনে বলে, ওপরমহলের নির্দেশ ছাড়া নিচুতলার পুলিশের এত বড় সাহস হতে পারে না। বলা হয়, নারদ স্টিং অপারেশনের ধাক্কায় কোণঠাসা তূণমূল কংগ্রেস বিরোধীদের পাল্টা চাপ দিতে পুলিশকে দিয়ে এই চেষ্টা করেছিল।
রাজীব কুমারের অপসারণের ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও ঘরোয়া আলোচনায় তাঁরা কিছুটা বিস্মিত এবং হতচকিত ভাব গোপন করতে পারেননি। তবে তাঁরা এটা মনে করিয়ে দিতে ভুলছেন না যে আগে যেসব পুলিশ কর্মকর্তাকে নির্বাচন কমিশন বদলি করেছিল, তাঁদের তিনি আশ্বাস দিয়েছিলেন যে ভোটের পরে পুরোনো পদে ফিরিয়ে আনবেন।
নির্বাচন কমিশনের কাছে বিরোধীরা বেশ কিছুদিন ধরেই রাজীব কুমারকে অপসারণের দাবি জানাচ্ছিলেন। বিশেষ করে বৃহত্তর কলকাতার ২৪টি আসনে সামনেই ভোট থাকায় বিরোধীদের আশঙ্কা, রাজীব কুমার পুলিশ কমিশনার থাকলে ভোটের সময় পুলিশ শাসক দলের পক্ষে অতি সক্রিয় হয়ে কাজ করবে। এই অবস্থায় রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে বিরোধী দলগুলো স্বাগত জানিয়েছে।
নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন সৌমেন মিত্র, যিনি সিআইডির অতিরিক্ত ডিজি পদে বহাল ছিলেন। রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেছেন, মঙ্গলবারই তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে অতিরিক্ত নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনাকেও পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে সরিয়ে দিতে অনুরোধ করেছেন। তাঁর দাবি, সাক্সেনা শাসক তূণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন।