ইয়াকুব মেমনের ফাঁসি কাল সকালে
মুম্বাই বিস্ফোরণে অভিযুক্ত ইয়াকুব মেমনের ফাঁসির আদেশ ভারতের সুপ্রিম কোর্ট বহাল রাখল। কাল বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের নাগপুরে মেমনের ফাঁসি হওয়ার কথা। বাবরি মসজিদ ধ্বংসের বদলায় ১৯৯৩ সালে পরপর বিস্ফোরণে তৎকালীন বোম্বে (বর্তমান মুম্বাই) শহরে ২৫৭ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন ৭০০ জন।
তদন্তে প্রমাণিত, বিস্ফোরণের ছক পুরোটাই ছিল মেমন পরিবারের। ঘটনার আগে পরিবারের অধিকাংশই দেশ ছেড়ে চলে যান। পরবর্তীকালে ইয়াকুব আত্মসমর্পণ করেন। সেই আত্মসমর্পণ শর্তাধীন ছিল কি না (অর্থাৎ মেমনকে প্রাণদণ্ড দেওয়া হবে না) তা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের কাছে মেমন যে-যুক্তিতে ফাঁসি স্থগিতাদেশের আবেদন জানিয়েছিলেন, দিনভর শুনানি শেষে সর্বোচ্চ আদালত আজ বুধবার তা খারিজ করে দেন।
মুম্বাইয়ের টাডা আদালত ইয়াকুবকে ফাঁসির নির্দেশ দেন। প্রথমে বম্বে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট সেই আদেশ বহাল রাখেন। মেমনের পক্ষে এর পর রায় পর্যালোচনের আবেদন জানানো হয়। সেই আবেদনও খারিজ হওয়ার পর কিউরেটিভ আবেদন দাখিল করা হয়। গতকাল মঙ্গলবার সেই শুনানিতে দুই বিচারপতির মধ্যে মতের অমিল দেখা দেয়। বিচারপতি কুরিয়েন যোসেফ পদ্ধতিগত ত্রুটির উল্লেখ করে বলেন, ত্রুটি সারিয়ে বিচার চূড়ান্ত করা হোক। সেই অনুযায়ী বুধবার তিন বিচারপতির বেঞ্চ দীর্ঘ শুনানি শেষে জানান, ফাঁসির আদেশ বহাল রাখা নিয়ে পদ্ধতিগত কোনো ত্রুটি ছিল না। বিচারপতিরা দণ্ডাদেশ স্থগিত রাখার আর্জিও খারিজ করে দেন।
টাডা কোর্ট মেমনের মৃত্যু পরোয়ানা জারি করে চলতি বছরের ৩০ এপ্রিল। সেই খবর মেমন পরিবারকে জানানো হয় ১৩ জুলাই। মেমনের আইনজীবীর বক্তব্য, তিন মাস সময় থাকলেও জেল কর্তৃপক্ষ একেবারে শেষ মুহূর্তে তা জানিয়েছে। তা ছাড়া, কিউরেটিভ আবেদনের ফয়সালা হওয়ার আগেই ফাঁসির আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই আবেদনের ফয়সালা ত্রুটিযুক্ত। অতএব কাল বৃহস্পতিবারের ফাঁসি স্থগিত রাখা হোক।
এই আবেদনের পাশাপাশি মেমনের পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল ও দেশের রাষ্ট্রপতির কাছে নতুন করে প্রাণভিক্ষার আবেদন জানানো হয়। আজ দুপুরেই রাজ্যপাল তা অগ্রাহ্য করেন। মেমন গত বিশ বছর ধরে জেলে বন্দী। ১৯৯৬ সাল থেকে তিনি ‘সিজোফ্রেনিয়া’ রোগী। প্রাণভিক্ষার আবেদনে এর উল্লেখ করে তিনি বলেন, একই মানুষকে যাবজ্জীবন সাজা ও প্রাণদণ্ড দেওয়া যায় না।