ইয়াকুব মেমনের ফাঁসি ৩০ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ডাদেশ বাতিলের আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে আবেদন খারিজ হয়ে যাওয়ায় ৩০ জুলাই মেমনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। খবর এএফপির।
১৯৯৩ সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এয়ার ইন্ডিয়ার কার্যালয়, একটি বিলাসবহুল হোটেলসহ বেশ কিছু জায়গায় একযোগে বোমা হামলা চালানো হয়। ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র মুম্বাইয়ে ওই হামলায় ২৫৭ জন নিহত হয়। মুম্বাইয়ের মুসলিম প্রভাবিত অপরাধী চক্রই এই হামলার নেপথ্যে ছিল বলে মনে করা হয়। সাম্প্রদায়িক দাঙ্গায় এক হাজারের বেশি মুসলিম নিহত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে ওই হামলা চালানো হয়।