ইয়াকুবের দণ্ড বহাল রাখা বিচারপতিকে হুমকি
ভারতের মুম্বাই শহরে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর হওয়ার প্রায় এক সপ্তাহ পর হুমকির চিঠি পেলেন বিচারক দীপক মিশ্র। ওই চিঠিতে কারও নাম ছিল না।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রর নিরাপত্তা জোরদার করেছে। শিগগিরই তারা তদন্ত শুরু করবে।
গত ৩০ জুলাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি স্থগিত করার জন্য তাঁর আবেদন নাকচ করেন সুপ্রিম কোর্টের যে বেঞ্চ, এতে বিচারপতি দীপক মিশ্রও ছিলেন। ওই দিন স্থানীয় সময় ভোর পাঁচটায় সুপ্রিম কোর্ট ফাঁসি স্থগিত করতে ইয়াকুবের শেষ মুহূর্তের আবেদন নাকচ করেন। নজিরবিহীনভাবে এ নিয়ে গভীর রাতে শুনানির পর ভোরে আদেশ দেন সর্বোচ্চ আদালত।
ফাঁসি কার্যকর করার একদিন আগে বুধবার ইয়াকুবের ক্ষমা প্রার্থনা নামঞ্জুর করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এর আগে তাঁর ফাঁসির আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্ট।
১৯৯৩ সালে পরপর বিস্ফোরণে তৎকালীন বোম্বে (বর্তমান মুম্বাই) শহরে ২৫৭ জন নিহত ও ৭০০ জন আহত হয়েছিলেন। তদন্তে প্রমাণিত, বিস্ফোরণের ছক পুরোটাই ছিল মেমন পরিবারের। ঘটনার আগে পরিবারের অধিকাংশই দেশ ছেড়ে চলে যান। পরে পরবর্তী সময়ে ইয়াকুব আত্মসমর্পণ করেন। সেই আত্মসমর্পণ শর্তাধীন ছিল কি না (অর্থাৎ ইয়াকুবকে প্রাণদণ্ড দেওয়া হবে না), এ নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের কাছে ইয়াকুব যে যুক্তিতে ফাঁসির স্থগিতাদেশের আবেদন জানিয়েছিলেন, দিনভর শুনানি শেষে সর্বোচ্চ আদালত তা খারিজ করে দেন।
মুম্বাইয়ের সন্ত্রাসবিরোধী টাডা আদালত ইয়াকুবকে ফাঁসির নির্দেশ দেন। প্রথমে বোম্বে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট সেই আদেশ বহাল রাখেন।
গত ২০ বছর ধরে কারাগারে বন্দী ছিলেন ইয়াকুব। ১৯৯৬ সাল থেকে তিনি ‘সিজোফ্রেনিয়া’ রোগী বলে বিবেচিত। প্রাণভিক্ষার আবেদনে এর উল্লেখ করে তিনি বলেছিলেন, একই মানুষকে যাবজ্জীবন সাজা ও প্রাণদণ্ড দেওয়া যায় না।