ঈদের জন্য দার্জিলিংয়ে বন্ধ্ শিথিল
এখনো শান্ত হয়নি ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি জনপদ দার্জিলিং। গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে ১৪ দিন ধরে চলছে অনির্দিষ্টকালের বন্ধ্। তবে আজ রোববার গোর্খা জনমুক্তি মোর্চা জানিয়ে দিয়েছে, আগামীকাল সোমবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ্ শিথিল করা হয়েছে। তবে শিথিলতা কেবল মুসলিম সম্প্রদায়ের ঈদ পালন এবং আত্মীয়-পরিজনদের সঙ্গে দেখা-সাক্ষাতের জন্য করা হয়েছে। তবে যথারীতি বন্ধ থাকবে দার্জিলিংয়ের দোকানপাট-বাজার।
এদিকে আজ রোববার শিলিগুড়িতে স্থানীয় মানুষজন মোর্চা-বিরোধী একটি মিছিল বের করে। মিছিলকারীরা মিছিল শেষে হিলকার্ট রোড দিয়ে ফেরার সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
বন্ধ্কে ঘিরে আজও দার্জিলিংয়ের বিভিন্ন স্থানে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে মিছিল হয়েছে। মিছিলকারীরা গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান কার্যালয়ে এসে আজ ফের দরজা খোলে সদর দপ্তরের। ১৭ জুন সিংমারিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর বন্ধ করে দেওয়া হয় জনমুক্তি মোর্চার সদর দপ্তর। ওই সংঘর্ষে তিন মোর্চা সমর্থকের মৃত্যু হয়।
আজ মোর্চার পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী মঙ্গলবার গোর্খা জনমুক্তি মোর্চা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং মিরিকে ২০১১ সালের জুলাই মাসে দার্জিলিংয়ে সম্পাদিত হওয়া জিটিএ চুক্তি আনুষ্ঠানিকভাবে পোড়াবে। ২০১১ সালে প্রথম ক্ষমতায় আসার পর দার্জিলিংয়ে শান্তি ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোর্খা জনমুক্তি মোর্চা, পশ্চিমবঙ্গ সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে ত্রিপক্ষীয় এই গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ চুক্তি সম্পাদিত হয়েছিল।