ঈদের দিন কাশ্মীরে সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংঘর্ষে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। ছবিটি আজ মঙ্গলবার তোলা: রয়টার্স
সংঘর্ষে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। ছবিটি আজ মঙ্গলবার তোলা: রয়টার্স

ঈদের দিন আজ মঙ্গলবার সকালে ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কড়া কারফিউয়ের মধ্যে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের এই সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয় বেশ কয়েকজন। আজ এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।

কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বাঁদিপুর জেলায় আজ সকালে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়। আরেক জন নিহত হয় শোপিয়ান জেলায়। অনেক জায়গায় বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে বিক্ষোভ করেছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছে।

নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত কাশ্মীরি জঙ্গিদের ‘পোস্টার বয়’ বুরহান মুজাফফর ওয়ানির শেষকৃত্যকে কেন্দ্র করে গত ৮ জুলাই থেকে অশান্ত হয়ে ওঠে এ উপত্যকা। এখন পর্যন্ত ৮১ জন নিহত হয়েছে।

প্রথমবারের মতো এবার শ্রীনগরের বিখ্যাত একটি মাজারে ঈদের জামাত হয়নি। লোকজনকে স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে বলা হয়েছে।

বিক্ষোভ ঠেকাতে দৌড়ে যাচ্ছেন এক পুলিশ সদস্য। ছবি: রয়টার্স
বিক্ষোভ ঠেকাতে দৌড়ে যাচ্ছেন এক পুলিশ সদস্য। ছবি: রয়টার্স

গোলযোগপূর্ণ ঘটনার জন্য সেনাসদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যন্ত এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার জন্য ইন্টারনেট ও মোবাইল-সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু রাষ্ট্র পরিচালিত মোবাইল অপারেটর বিএসএনএল চলবে।

ঈদ উৎসবকে ঘিরে যেখানে জমজমাট থাকত বাজারঘাট, সেগুলো আজ জনশূন্য। বেকারি ও মিষ্টির দোকানগুলো বন্ধ। ঈদে ভেড়া-বকরি বিক্রির জন্য যাঁরা সারা বছর অপেক্ষা করেন, এবার তাঁদের কোনো ক্রেতা নেই।