উচ্চ বর্ণের মেয়ে বিয়ে করায় প্রকাশ্যে খুন দলিত যুবক
উচ্চ বর্ণের এক মেয়েকে বিয়ে করায় ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রকৌশলবিদ্যার শিক্ষার্থী এক দলিত যুবককে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে। হামলায় ২৩ বছর বয়সী ওই যুবক ভি শংকরের স্ত্রীও আহত হন। গত রোববার তামিলনাড়ুর তিরুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভিতে ওই হামলার দৃশ্য পাওয়া গেছে। নিহত শংকরের স্ত্রী কৌশল্যা থিবর নামের উচ্চ বর্ণের পরিবারের সদস্য। মাত্র আট মাস আগে তাঁদের বিয়ে হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, শংকর ও তাঁর স্ত্রী কেনাকাটা সেরে ফিরছিলেন। এ সময় তিন ব্যক্তি মোটরবাইকে এসে হঠাৎ হামলা করে। জনাকীর্ণ সড়কে দুজনকেই ছুরিকাঘাত করার পর ওই তিন হামলাকারী বাইকে চড়েই পালিয়ে যায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা এম মঞ্জুনাথ বলেন, কৌশল্যা দলিত সম্প্রদায়ের শংকরকে বিয়ে করায় তাঁর পরিবার ক্ষুব্ধ ছিল।
এক সপ্তাহ আগেই রাজস্থানে পরিবারের সম্মান রক্ষার নামে এক নারীকে হত্যা করা হয়। ভিন্ন গোত্রের এক ছেলেকে বিয়ে করার কারণে রামা কানওয়ার নামে ওই নারীকে (৩০) তাঁর ভাইয়েরা পুড়িয়ে হত্যা করে বলে জানায় পুলিশ।
এর আগে গত জানুয়ারি মাসে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত সম্প্রদায়ের ছাত্র রোহিত ভেমুলা আত্মহত্যা করেন। কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ এর কারণ বলে অভিযোগ আছে।