উচ্ছ্বসিত ত্রিপুরার বিজেপি
গুজরাট ও হিমাচল প্রদেশে দলের জয়লাভে উচ্ছ্বসিত ত্রিপুরার বিজেপি। আর এই জয়ের রেশ ধরেই ত্রিপুরাতেও বিজেপিই সরকার গড়বে—এমনটাই মনে করছেন দলের রাজ্য নেতারা।
আগামী ফেব্রুয়ারিতে ত্রিপুরা বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে প্রথমবারের মতো সরাসরি বাম দলের বিরুদ্ধে লড়বে ডান দল। এর আগে গুজরাট বা হিমাচল প্রদেশ থেকে বাড়তি অক্সিজেন পায় কি না কংগ্রেস, সেটাই ছিল দেখার।
ভারতের গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের দুটিতেই জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। গুজরাটে এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো জয় পেল দলটি। আর হিমাচল প্রদেশটি এত দিন কংগ্রেসের দখলে থাকলেও এবার তাদের কাছ থেকেও জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি।
তবে হিমাচল প্রদেশে কংগ্রেসের হার ছিল প্রত্যাশিত। দল জিতবে, এমন আশাও করেননি কংগ্রেস নেতারা। তবে প্রতিদ্বন্দ্বিতা হবে—এমনটা ভেবেছিলেন তাঁরা। আর ফলাফলে ত্রিপুরার কংগ্রেস নেতারা খুশি।
প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা প্রথম আলোকে বলেন, ‘বিজেপির অর্থবলের কাছে লড়াই করে পিছিয়ে পড়েছে কংগ্রেস। তবে রাহুল গান্ধীর নেতৃত্বে গুজরাটের ফলাফল বেশ আশাব্যঞ্জক।’ তিনি দাবি করেন, ত্রিপুরায় বিজেপি কিছুই করতে পারবে না। কংগ্রেস পূর্ণশক্তি নিয়ে বিজেপি ও সিপিএমের সঙ্গে মোকাবিলায় নামবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে সিপিএম মনে করছে, গুজরাট ভোটে বিজেপির তুলনামূলক খারাপ ফল দেশের জন্য মঙ্গলময়। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ ও পশ্চিম ত্রিপুরা জেলা সিপিএমের সম্পাদক পবিত্র কর মনে করেন, ত্রিপুরায় অষ্টম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। দেশের মানুষ বিজেপির ওপর থেকে মোহ হারাচ্ছেন বলেও মুঠোফোনে প্রথম আলোর কাছে মন্তব্য করেন তিনি।
বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতি বিপ্লব দেবের দাবি, গুজরাটের জয় কর্মীদের মনোবল বাড়াবে। সেই সঙ্গে গুজরাটের উন্নয়নের মডেল ত্রিপুরার মানুষকে সিপিএমের বিরুদ্ধে ভোট দিতে উৎসাহিত করবে।