প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত তার সুখোই-৩০ যুদ্ধবিমান বহরের সবগুলোর উড্ডয়ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থগিত করেছে। ভারতীয় বিমানবাহিনীর মুখপাত্র উইং কমান্ডার সিমরানপাল সিং ব্রিদি গতকাল বুধবার এ কথা জানান। গত সপ্তাহে পুনেতে এই বহরের একটি বিমান কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। ২০০৯ সালের পর থেকে এটি সুখোই-৩০ যুদ্ধবিমান বিধ্বস্তের পঞ্চম ঘটনা। সুখই-৩০ বিমানবহরে দুই ইঞ্জিনবিশিষ্ট ২০০-এর মতো বিমান রয়েছে, যা ভারতের মোট যুদ্ধবিমানের প্রায় এক-তৃতীয়াংশ। ব্যাপকভিত্তিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ছাড়পত্র পাওয়ার পরই এগুলোকে আবার ওড়ার অনুমতি দেওয়া হবে বলে ওই মুখপাত্র জানান। পিটিআই