উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাম নবমীর মিছিল (প্রথম আলো ফাইল ছবি)
রাম নবমীর মিছিল (প্রথম আলো ফাইল ছবি)

রাম নবমীর দিনে গত রোববার অস্ত্র মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে এখনো উত্তপ্ত রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল এবং দুর্গাপুর শহর। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বৃহস্পতিবার আসানসোলে বিশেষ পুলিশ বাহিনী নামানো হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন তিন আইপিএস পুলিশ কর্মকর্তা সিদ্ধিনাথ গুপ্তা, জাভেদ শামীম এবং বিনীত গোয়েল। সকাল থেকে আসানসোলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ওই তিন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে রুট মার্চ চলে। থমথমে আসানসোল এখনো জারি রয়েছে ১৪৪ ধারা। আর বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এ ঘটনায় বহু মানুষ এলাকা ছেড়ে অন্য স্থানে ঠাঁই নিয়েছে। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ৩৬ জনকে। বৃহস্পতিবার পর্যন্ত ওই মিছিলকে কেন্দ্র করে মৃতের সংখ্যা দাঁড়ায় চারজনে।

সকালে আসানসোলের স্থানীয় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নিজের এলাকার পরিস্থিতি দেখার জন্য আসানসোল যাওয়ার সময় তাঁকে আটকে দেয় পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে বাবুল সুপ্রিয় সাংবাদিকদের বলেন, ‘তিনি আসানসোলের সাংসদ, এলাকায় যাওয়া তাঁর কর্তব্য। এভাবে পুলিশ তাঁর যাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে না। একইভাবে আজ বিজেপির নারী নেত্রী লকেট চট্টোপাধ্যায়কেও আসানসোলে ঢুকতে দেয়নি পুলিশ।’

অস্ত্র নিয়ে মিছিল করায় পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। জোর করে আসানসোলে ঢোকার চেষ্টা করায় পুলিশ মামলা করেছে বাবুল সুপ্রিয়ে নামেও। গ্রেপ্তার করা হয়েছে বিজেপি এবং বজরং দলের নেতা-কর্মীদের।

মূলত রোববারের রাম নবমীর অস্ত্র মিছিলকে কেন্দ্র করে বর্ধমানের রাণীগঞ্জ এবং আসানসোল উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার রাতে আসানসোলে তৃণমূলের দুটি শ্রমিক সংগঠনের অফিস পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। আগুন লাগিয়ে দেওয়া হয় আসানসোল রেলস্টেশনের কাছে বেশ কয়েকটি বাড়িতে। এরপর ছড়িয়ে পড়ে সংঘর্ষ।