উত্তর-পূর্ব ভারতকে কংগ্রেসশূন্য করতে মরিয়া বিজেপি
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যেই কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে বদ্ধপরিকর বিজেপি। ইতিমধ্যেই পাঁচটি রাজ্যে কংগ্রেস ক্ষমতার ধারেকাছে নেই। সিপিএম-শাসিত ত্রিপুরা এবং বাকি দুই কংগ্রেস-শাসিত রাজ্য মিজোরাম ও মেঘালয় এখন বিজেপির লক্ষ্য। মেঘালয় ও ত্রিপুরাতে আগামী বছরের শুরুতেই নির্বাচন। মিজোরামে ভোট ২০১৮ সালের শেষ দিকে।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই সিকিমে আঞ্চলিক দল রাজত্ব করছে। নাগাল্যান্ডেও বিজেপির সমর্থনে টিকে রয়েছে আঞ্চলিক দল। উভয় রাজ্যের আঞ্চলিক দল নিয়ে বিজেপির তেমন একটা মাথাব্যথা নেই। কারণ, তারা এমডিতেই রয়েছে। নরেন্দ্র মোদি দিল্লির মসনদে বসার সময়ও ত্রিপুরা বাদে বাকি পাঁচটি রাজ্যেই ছিল কংগ্রেসের সরকার।
প্রধানমন্ত্রীর আসনে বসেই অমিত শাহকে দলের সভাপতি করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজনৈতিক চেহারাটাই বদলে দিয়েছেন মোদি। অরুণাচল প্রদেশ দলবদল ম্যাজিকে এখন বিজেপির দখলে। আসামে কংগ্রেসকে হারিয়ে পদ্ম ফুলের (বিজেপির নির্বাচনী প্রতীক) জয়জয়কার। সেই ধারা অব্যাহত মণিপুরেও। সাম্প্রতিক নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেখানেও দলবদল ম্যাজিকে কুর্সিতে বিজেপিই।
সামনের বছরের শুরুতেই ত্রিপুরা ও মেঘালয়ে ভোট। ত্রিপুরায় কংগ্রেসের কোনো সম্ভাবনা নেই। কমিউনিস্টদের সামনে বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব প্রথম আলোর কাছে দাবি করেন, ‘২০১৮ সালের নির্বাচনে ত্রিপুরায় পরিবর্তন হচ্ছেই। লিখে রাখুন, বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হবেই।’ তবে সিপিএমও অবশ্য পাল্টা দাবি করতে ছাড়ছে না। দলের রাজ্য সম্পাদক বিজন ধর সাংবাদিকদের জানান, ‘উত্তর প্রদেশ জিতলেই ত্রিপুরা জেতা হয় না। কংগ্রেস হেরেছে তাদের জনস্বার্থবিরোধী নীতির জন্য। ত্রিপুরার মানুষ আমাদের সঙ্গেই রয়েছে।’
প্রসঙ্গত, ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় কংগ্রেসের ৩টি ও তৃণমূলের ৬টি আসন বাদ দিলে ৫১টিই বামদের দখলে। কংগ্রেস-শাসিত মেঘালয়েও বিজেপি ভোটে জেতার বিষয়ে আশাবাদী। ৬০ সদস্যের মেঘালয় বিধানসভায়ও একটিও পদ্ম ফোটেনি কখনো। কংগ্রেসের দখলে ৩০ আসন। নির্দল রয়েছে ১৩টিতে। বাকিগুলো পাঁচটি আঞ্চলিক দলের দখলে।
আঞ্চলিক দল এনপিপির সঙ্গে বিজেপির আঁতাতের সম্ভাবনা প্রবল। তবে মেঘালয় সফররত বিজেপির সহসভাপতি অভিনাশ রাই খান্না দাবি করেছেন, আপাতত একক শক্তিতে লড়ার জন্যই তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। তবে এনপিপির সঙ্গে বিজেপির জোট আগে থেকেই রয়েছে। কংগ্রেস-শাসিত মিজোরামেও ভোট আগামী বছরের ডিসেম্বর মাসের দিকে। খ্রিষ্টান-অধ্যুষিত মেঘালয়ের মতো মিজোরামেও কখনো খাতা খোলেনি বিজেপি। কিন্তু এবার তাঁদের টার্গেট মিজোরাম। ৪০ সদস্যের মিজোরাম বিধানসভায় ৩৪টি আসনে কংগ্রেস এবং বাকি ছয়টি আসনে আঞ্চলিক দল ক্ষমতায় রয়েছে। গরুর মাংস নিষিদ্ধ করা হবে না—এ ঘোষণা দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের খ্রিষ্টান-অধ্যুষিত দুই রাজ্য থেকেও কংগ্রেসকে উৎখাত করতে মরিয়া বিজেপি। বিজেপি নেতারা অবশ্য বলছেন, ব্যাপক দুর্নীতির কারণেই কংগ্রেস ডুবছে চারদিকে। পদ্ম ফুটছে সুশাসনের আশায়।