উত্তর-পূর্ব ভারতে আবার অশান্তির ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর পূর্ব ভারতে জঙ্গিদের সঙ্গে দিল্লির শান্তি আলোচনাই অশান্তি ডেকে আনতে পারে, এমনই আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে তিন বিজেপি শাসিত রাজ্যে। বিষয়টিকে অত্যন্ত ‘স্পর্শকাতর’ বলে বর্ণনা করে কংগ্রেস অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেছে। 

নিষিদ্ধ সশস্ত্র সংগঠন ন্যাশানাল সোস্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের আইজাক-মুইভা (এনএসসিএন-আইএম) গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা চলছে ভারত সরকারের। তবে এনএসসিএনেরই খামলাং (কে) গোষ্ঠী এই শান্তি আলোচনা ছেড়ে বেরিয়ে এসে ফের অস্ত্র হাতে তুলে নিয়ে নাশকতা শুরু করে দিয়েছে। আইএম অবশ্য কোনো নাশকতা সেভাবে না চালিয়ে শান্তি আলোচনাকেই এগিয়ে নিয়ে চলেছে বলে সরকারি সূত্রে খবর।
কিন্তু সমস্যা শুরু হয়েছে এই শান্তি আলোচনাকে ঘিরেই। শোনা যাচ্ছে, এনএসসিএন-আইভির প্রথম শর্তই হচ্ছে বৃহত্তর নাগালিম। অর্থাৎ গ্রেটার নাগাল্যান্ড। বর্তমানের নাগাল্যান্ড রাজ্য ছাড়াও তারা অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুরের নাগা-অধ্যুষিত এলাকাগুলোও দাবি করছে। এখানেই শুরু হয়ে বিরোধ।
বিজেপি শাসিত তিন রাজ্যই নিজেদের সীমানা ধরে রাখতে বদ্ধপরিকর। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ অন্যান্যদের জানিয়ে এসেছেন রাজ্য রাজনীতির বাধ্যবাধকতা। বিরোধী দল কংগ্রেস তো বটেই, বিজেপির জোট শরিকরাও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং পরিস্থিতি বেগতিক বুঝে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন শনিবার। সাফ জানালেন, মণিপুরের অখণ্ডতার প্রশ্নে সব দলকে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। এক রাখতে হবে মণিপুরের জনগণকে। প্রয়োজনে দিল্লিতে দরবারের জন্য ৭ সদস্যের সর্বদলীয় কমিটিও গঠন করে দেন তিনি। কিছুতেই রাজ্যভাগ বরদাস্ত নয় বলেও বীরেন্দ্র সিং জানিয়ে দিয়েছেন।
একই ছবি অরুণাচল প্রদেশেও। রাজ্যের সীমান্ত ছোট করতে নারাজ সেখানকার মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও। জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনা সফল হোক, এই দাবি অবশ্য তিন রাজ্যেরই। কিন্তু সেটা রাজ্যের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়, এটাও মাথায় রাখছেন সব মুখ্যমন্ত্রীই।
কংগ্রেসের তরফে অভিযোগ, মুখে যা-ই বলুক না কেন, বিজেপি জঙ্গিদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে। রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এ ধরনের শান্তি আলোচনার তীব্র বিরোধিতা করে কেন্দ্রকে সতর্ক করে দেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরার। তাঁর সাফকথা, রাজ্য ভাগের চক্রান্ত মানা হবে না।
অ-নাগা সাধারণ মানুষের মধ্যেও নাগালিম নিয়ে আপত্তি রয়েছে। কেউ কেউ মনে করছেন, নাগাদের জন্য আলাদা রাজ্য হলে অন্য সম্প্রদায়গুলোও তো একই দাবি করবে। এ অবস্থায় নতুন করে অশান্তির আশঙ্কায় সবাই এখন তাকিয়ে আছেন দিল্লির দিকে।
বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সংঘাতে দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারত বিপর্যস্ত ছিল। বেশ কয়েকটি গোষ্ঠী এখন অস্ত্র ছেড়ে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।