ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৮০ হয়েছে। সরকারি সূত্রের খবর, চলতি মৌসুমে উত্তর-পূর্ব ভারতের ৩টি রাজ্যের ৫৮টি জেলার ১ লাখ ৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।
আসাম, মণিপুর ও অরুণাচল প্রদেশের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে প্রধান প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। একশৃঙ্গী গন্ডারের জন্য বিখ্যাত আসামের কাজিরাঙা জঙ্গলের বন্য প্রাণীরাও ঝুঁকিতে রয়েছে। শুক্রবার এ রাজ্যের বন্যা পরিস্থিতি আকাশপথে ঘুরে দেখেন রাজ্যপাল বনোয়ারি লাল পুরোহিত।
শুক্রবারই কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে নিয়ে আসামের বন্যাবিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজেজু। ত্রাণ ও উদ্ধারকাজের তদারকির জন্য কেন্দ্রীয় সরকার গঠিত দলের প্রধান রিজেজু। গোয়াহাটিতে সাংবাদিকদের তিনি বলেন, পরিস্থিতি এখনো ভয়াবহ। চলতি বর্ষায় আসামেই এখন পর্যন্ত ৪৯ জন প্রাণ হারিয়েছেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ত্রাণ বা উদ্ধারকাজে টাকার অভাব নেই। দুর্যোগ মোকাবিলার জন্য ইতিমধ্যেই ৫০০ কোটি রুপির তহবিল অনুমোদন করা হয়েছে।