উত্তর প্রদেশ দখলে সোনিয়ার রোড শো
ভারতের উত্তর প্রদেশে ভোটের আট মাস আগেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে কংগ্রেস। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারানসি থেকে নির্বাচনী প্রচার হিসেবে রোড শো করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
শহরে বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে হুড খোলা গাড়ি চেপে শুরু হয় সোনিয়ার শহর পরিভ্রমণ। সাড়ে ছয় কিলোমিটার রোড শো শেষ হয় উত্তর প্রদেশের সাবেক কংগ্রেস মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠির মূর্তির পাদদেশে। রাতে দিল্লি ফিরে যাওয়ার আগে গঙ্গাতীরে বাবা বিশ্বনাথের মন্দিরে যান সোনিয়া গান্ধী। এবারই প্রথমবারের মতো তিনি বিশ্বনাথ দর্শন করলেন।
ব্রাহ্মণ ও উচ্চবর্ণের পাশাপাশি মুসলমান এবং দলিত ভোটকেই যে কংগ্রেস ‘টার্গেট’ করছে, তা এই রোড শো থেকেই স্পষ্ট।
জানা গেছে, রাজ্য বিধানসভায় কংগ্রেসের আসনসংখ্যা এখন ২৮। আবার দীর্ঘ ২৮ বছর এই রাজ্যে কংগ্রেস ক্ষমতার বাইরে। যে বারানসি থেকে সোনিয়া প্রচার শুরু করলেন, সেখানকার সাংসদ নরেন্দ্র মোদি। লোকসভার ভোটে মোদির দল বিজেপির প্রচারের দায়িত্ব যাঁর ছিল, সেই প্রশান্ত কিশোর এবার কংগ্রেসের দায়িত্ব নিয়েছেন। তাঁরই ছকে দেওয়া রাস্তায় হাঁটছেন সোনিয়া-রাহুল।
এই রোড শোর অনেক আগেই শুরু হয়েছিল শীলা দীক্ষিতের বাসযাত্রা। প্রথম দফার বাসযাত্রা শুরু হয়েছিল দিল্লি থেকে, শেষ হয় কানপুরে। শীলা দীক্ষিত গোটা রাজ্যেই এই বাসে ঘুরবেন। উদ্দেশ্য, জেলায় জেলায় কংগ্রেসের বসে যাওয়া কর্মীদের মনোবল ফিরিয়ে আনা। সোনিয়ার রোড শোর উদ্দেশ্যও তা। তবে তার সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদির প্রতি এক প্রচ্ছন্ন চ্যালেঞ্জ, যার মধ্য দিয়ে কংগ্রেস বুঝিয়ে দিতে চাইছে, আগামী বছরের ভোটে বিজেপির চ্যালেঞ্জার কংগ্রেসই।
সোনিয়ার সঙ্গে রোড শোতে সারাক্ষণ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। আর ছিলেন রাজ্যের কংগ্রেস সভাপতি রাজ বব্বর, প্রচার কমিটির চেয়ারপারসন সঞ্জয় সিং ও রাজ্যের ভারপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদ। সংবাদমাধ্যমকে গুলাম নবি আজাদ বলেন, কংগ্রেস এটা বুঝিয়ে দিতে চাইছে রাজ্য ও দেশে বিজেপিকে রোখার ক্ষমতা একমাত্র কংগ্রেসেরই রয়েছে। একমাত্র কংগ্রেসই পারে বিজেপির সাম্প্রদায়িকতাকে রুখে দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধরে রাখতে।
প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বরও কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, উত্তর প্রদেশের ভোটে বারবার অত্যাশ্চর্য ফল দেখা গেছে। ২০০৭ সালের ভোট ছিল বিএসপির, ২০১২ সালের ভোট এসপির, ২০১৪ সালের লোকসভা ভোট বিজেপির। সব কটা ফলই ছিল অত্যাশ্চর্য। এবারেও সেই চমৎকারিত্ব ঘটবে, কংগ্রেসের হয়ে।
কংগ্রেস সূত্রের খবর, নির্বাচনের অনেক আগে থেকেই এবার কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে। দলের এক নেতার কথায়, রাজ্যে কংগ্রেসের ভোট ১০ শতাংশের নিচে নেমে গেছে। প্রাপ্ত ভোটের হার অন্তত দ্বিগুণ করা কংগ্রেসের লক্ষ্য। ওই সূত্রটি বলেন, একার ক্ষমতায় সরকার গঠনের স্বপ্ন দল এখনই দেখছে না। দলের লক্ষ্য দুটি। বিজেপিকে রোখা এবং রাজ্যে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক এক সরকারের শরিক হওয়া।