উত্তর প্রদেশ নির্বাচনে কৃষক আন্দোলনের প্রভাব থাকবে

জনসংখ্যার বিচারে উত্তর প্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য। সেখানে রয়েছে ৮০টি লোকসভা ও ৪০৩টি বিধানসভা আসন। মনে করা হয়, এই রাজ্যে জেতা-হারার ওপরে ভারতে ক্ষমতায় আসা নির্ভর করে। সাত পর্বে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি। ফল বেরোবে আগামী ১০ মার্চ। উত্তর প্রদেশে জেতা-হারা অনেকটাই নির্ভর করছে রাজ্যের জটিল জাতিভিত্তিক সমীকরণের ওপর। নির্বাচনের সঙ্গে জাতপাতের রাজনীতির সম্পর্ক নিয়ে কথা বলেছেন সমাজ ও রাজনীতির ইতিহাস গবেষক এবং এলাহাবাদের জি বি পন্থ সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বদ্রি নারায়ণ। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর কলকাতা সংবাদদাতা শুভজিৎ বাগচী।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক বদ্রি নারায়ণ

প্রশ্ন :

প্রথম আলো: উত্তর প্রদেশে অনেকেই বলছেন, ঠাকুর সম্প্রদায়ের কারণে অন্যান্য প্রভাবশালী সম্প্রদায়, যেমন ব্রাহ্মণরা বিজেপির ওপর খেপে রয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঠাকুর বলে ঠাকুররা সবাইকে চাপে রাখছেন। আপনার কী মত?

বদ্রি নারায়ণ: এ রকম অনেকে বলছেন। তার একটি কারণ, উত্তর প্রদেশে প্রচুর ব্রাহ্মণ মাফিয়া বন্দুকযুদ্ধে মারা গেছেন। কিন্তু এর পুরোটা ঠিক নয়। কারণ, ব্রাহ্মণরা বরাবরই ক্ষমতাসীন দলের সঙ্গে ছিলেন; যেমন অতীতে কংগ্রেস, বর্তমানে বিজেপি। আমার ধারণা, এই নির্বাচনেও ৭০ শতাংশ ব্রাহ্মণ বিজেপিকে ভোট দেবেন। বিজেপির প্রধান বিরোধী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি বা মায়াবতীর প্রধানত দলিত সম্প্রদায়ের দল বহুজন সমাজ পার্টি ব্রাহ্মণদের টানার চেষ্টা করেছে, কিন্তু খুব একটা লাভ হয়নি।

প্রশ্ন :

প্রথম আলো: আপনি যদি একটি ধারণা দেন—প্রধান যে সম্প্রদায় বা জাতি রয়েছে, তারা এই নির্বাচনে কে কার সঙ্গে রয়েছে?

বদ্রি নারায়ণ: এটা সরল করে বোঝানো খুবই কঠিন। নানান জাতি ও সম্প্রদায় রয়েছে। তাদের আবার বহু গোষ্ঠী ও উপগোষ্ঠী রয়েছে। যেমন ব্রাহ্মণরা বিজেপির সঙ্গে থাকবে, এই কথাটা বলার পাশাপাশি এটাও বলা যায় যে বহুজন সমাজ পার্টি ব্রাহ্মণদের গোষ্ঠী তৈরি করে টানার চেষ্টা করছে। সমাজবাদী পার্টিও একই চেষ্টা করছে। সবকিছু মিলেমিশে রয়েছে।

তবে বড় ক্যানভাসে যদি একটি সামগ্রিক চিত্র আঁকা যায়, তবে ব্যাপারটা এই রকম। সব অংশের মধ্যেই বিজেপির কিছু ভোট রয়েছে। তবে গত কয়েক বছরে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সমাজের নিচের দিকে থাকা ক্ষুদ্র এবং প্রান্তিক জাতির মধ্যে ঢুকে কাজ করেছে। ফলে দলিতদের একটি অংশ আবার বহুজন সমাজ পার্টি ছেড়ে বিজেপির দিকে ঝুঁকেছে। আবার তার মানে এই নয় যে তারা অন্য দলকে একেবারেই ভোট দেবে না। ফলে সমাজের সব অংশ থেকেই বিজেপি কিছু কিছু ভোট পাবে। এর প্রধান কারণ, আরএসএস ছোট সম্প্রদায়কেও বোঝাতে পেরেছে, তাদের প্রাথমিক পরিচয় হলো যে তারা হিন্দু। এটাও মনে রাখা প্রয়োজন, যোগী আদিত্যনাথের একটি বিরাট হিন্দুত্ববাদী ভাবমূর্তি তৈরি হয়েছে, যেটা বিজেপিকে সাহায্য করবে।

এবারে আসি সমাজবাদী পার্টির প্রসঙ্গে। বরাবরই এদের প্রধান শক্তি কৃষিজীবী যাদবরা, যারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (ওবিসি) মধ্যে সবচেয়ে বড় অংশ। অখিলেশ যাদব এবার একটি বড় কাজ করেছেন। ওবিসিদের মধ্যে যাঁরা যাদব নন, কিন্তু যথেষ্ট প্রভাবশালী, তাঁদের কাছে টানতে পেরেছেন। যে কারণে আমরা দেখলাম, বিজেপির মৌর্য সম্প্রদায়ের তিন বড় নেতা সমাজবাদী পার্টিতে চলে গেলেন। তাঁরা নিজেদের অঞ্চলে বিরাট প্রভাবশালী। এটা অখিলেশের বড় সাফল্য। এ ছাড়া মুসলমান সম্প্রদায় বরাবরের মতোই সমাজবাদী পার্টির সঙ্গে রয়েছে।

বহুজন সমাজ পার্টি সম্পর্কে একটি ধারণা তৈরি হয়েছে, তারা একেবারেই মাঠে নেই এবং লড়াইটা মূলত বিজেপির সঙ্গে সমাজবাদী পার্টির। প্রচারমাধ্যমের এ ধারণা তৈরি হওয়ার কারণ হলো বহুজন সমাজ পার্টি কোনো বড় মিটিং-মিছিল করে না অন্যান্য পার্টির মতো। কিন্তু তারা গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি ঘুরে প্রচার করে এবং এভাবে নির্বাচনে জেতেও। এটাই স্ট্র্যাটেজি। মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি এবারও সেটাই করেছে এবং আমার ধারণা, তারা ভোটও পাবে। মনে রাখতে হবে, বহুজন সমাজ পার্টি ২০১৭ সালে এভাবেই ১৯ শতাংশ ভোট পেয়েছিল, তার আগে ক্ষমতায় এসেছিল। আর বহুজন সমাজ পার্টি যদি ভোট পায়, সমস্যা বাড়বে সমাজবাদী পার্টির।

প্রশ্ন :

প্রথম আলো: কংগ্রেসের কী অবস্থা?

বদ্রি নারায়ণ: কংগ্রেসের কিছু প্রচার দেখা যাচ্ছে, তবে মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে। ময়দানে তারা খুব একটা নেই। কিন্তু তাদের দুটি লাভ এবারে হয়েছে। এক. তাদের দলের নেত্রী কে এটা পরিষ্কার হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী এবং তিনিই ভবিষ্যতে উত্তর প্রদেশ দেখবেন। দুই. জেলা পর্যায়ে কংগ্রেসের কোনো সংগঠনই ছিল না। এবারে কংগ্রেস অনেক জায়গায় সংগঠনকে একটি চেহারা দিতে পেরেছে, মজবুত করতে পেরেছে। এটা এই নির্বাচনে কাজে দেবে না। কিন্তু সংগঠন যদি টিকে থাকে, আগামী দুই বছর পরে জাতীয় নির্বাচনে এর ফল পাবে কংগ্রেস। এটা বড় লাভ।

প্রশ্ন :

প্রথম আলো: দীর্ঘ সময় ধরে দিল্লির উপকণ্ঠে কৃষকেরা আন্দোলন করেছেন। তাঁদের মধ্যে ছিলেন পশ্চিম–উত্তর প্রদেশের প্রভাবশালী জাঠেরা। স্পষ্টতই তাঁরা বিজেপিবিরোধী। এর কি প্রভাব পড়বে বলে আপনি মনে করেন?

বদ্রি নারায়ণ: যখন আন্দোলন চলেছিল, তখন পশ্চিম–উত্তর প্রদেশের জাঠ অঞ্চলে বিজেপি বিপদে পড়েছিল। এটা নিয়েও সন্দেহ নেই, বিজেপি পশ্চিম–উত্তর প্রদেশে চাপের মধ্যে রয়েছে। সেখানে হিন্দু এবং মুসলিম জাঠ এক হয়ে গেছে (পশ্চিম–উত্তর প্রদেশের ৭৬ আসনের মধ্যে ২০১৭ সালের নির্বাচনে ৬৬টি পেয়েছিল বিজেপি)। কিন্তু কৃষি বিল প্রত্যাহারের পরে বিজেপি জাঠেদের সঙ্গে নতুন করে কথাবার্তা শুরু করে। আমার ধারণা, তারা পশ্চিমে যতটা ক্ষতির আশঙ্কা করছিল, সেই আশঙ্কা কমেছে। জাঠেদের মধ্যে বরাবরই হিন্দুত্বের একটি প্রভাব ছিল, তাদের মধ্যে বড় হিন্দুত্ববাদী নেতাও রয়েছেন। ফলে (হিন্দু জাঠেদের মধ্যে) বিজেপি হারানো জমি কিছুটা ফিরে পাবে। পাশাপাশি পশ্চিম–উত্তর প্রদেশের বড় অংশের মানুষ মুসলমান, তাঁরা বিজেপিকে ভোট দেবেন না। আর কৃষক আন্দোলনের একটি প্রভাব তো থাকবেই। ফলে পশ্চিম প্রদেশে সব মিলিয়ে একটু নড়বড়ে অবস্থায় রয়েছে বিজেপি। সে কারণে পূর্ব–উত্তর প্রদেশের ওপরে জোর দিয়েছে তারা।

প্রশ্ন :

প্রথম আলো: উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি ভালো এগোলেও বিজেপির সঙ্গে ফারাক একটি থেকেই যাচ্ছে। তাই কি?

বদ্রি নারায়ণ: হ্যাঁ। অখিলেশ যাদব ভালোই করেছেন। তাঁর দলের জনপ্রিয়তাও বেড়েছে। কিন্তু এটার একটি ‘স্যাচুরেশন পয়েন্ট’ আছে। ওই বিন্দুতে গিয়ে দেখা যাবে জনপ্রিয়তা আর বাড়ছে না। তুলনামূলকভাবে বিজেপির সে রকম বৃদ্ধি হয়নি। কিন্তু তারও একটি ‘স্যাচুরেশন পয়েন্ট’ আছে, তাদের জনপ্রিয়তাও ওই বিন্দুর পরে আর নামবে না। আমার ধারণা, একেবারে চূড়ান্ত অবস্থায় এটা দেখা যাবে, বিজেপি সমাজবাদী পার্টি থেকে ৭-৮ শতাংশে এগিয়ে। বিজেপির আসনসংখ্যা কমবে, কিন্তু শেষ পর্যন্ত তারাই জিতবে বলে আমার এখনো পর্যন্ত ধারণা।

প্রশ্ন :

প্রথম আলো: সে ক্ষেত্রে ভারতের রাজনীতিতে যোগী আদিত্যনাথের উত্থান হবে। সাধারণত দুবার নির্বাচন জিতলে ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রীরা জাতীয় স্তরে নিজেদের ভূমিকার কথা ভাবতে শুরু করেন। সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেটা করবেনই। আদিত্যনাথের উত্থান কেন্দ্রের মোদি সরকারের জন্যও দুশ্চিন্তার কারণ নয় কি?

বদ্রি নারায়ণ: অবশ্যই। আদিত্যনাথ এখনই বড় নেতা এবং উত্তর প্রদেশে জিতলে তিনি ভবিষ্যতের (জাতীয়) নেতা হিসেবে নিজেকে দেখতে শুরু করবেন। বস্তুত, এ রকম অবস্থায় যখন একজন রাজ্যস্তরের নেতার কেন্দ্রে জায়গা দখলের সম্ভাবনা তৈরি হয়, তখন কংগ্রেসের মতো দলে সাধারণত কংগ্রেস নিজেই নিজেদের আঞ্চলিক নেতাকে হারিয়ে দেয়। বিজেপিতে সেটা হবে না। কারণ, বিজেপিতে দল, আদর্শ, ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে একটি চিন্তাভাবনা আছে। ফলে আদিত্যনাথ সুযোগ পাবেন।

প্রশ্ন :

প্রথম আলো: আদিত্যনাথ বিজেপি বা আরএসএস কোনো সংগঠন থেকেই আসেননি। তিনি নেপালঘেঁষা পূর্ব–উত্তর প্রদেশের গোরখপুরের একটি মঠের প্রধান ছিলেন, সেখান থেকে রাজনীতিতে এসেছেন। তাঁকে এই জায়গা বিজেপির রাজনীতি দেবে?

বদ্রি নারায়ণ: গত কয়েক বছরে অবস্থার পরিবর্তন হয়েছে। আরএসএস এখন আদিত্যনাথকে ভালোভাবে সমর্থন করছে। এর কারণ, আদিত্যনাথও ভালোভাবে আরএসএসকে বোঝাতে পেরেছেন, তিনি আরএসএসের ভাবধারায় বিশ্বাসী। ফলে আগামী কয়েক বছরে আদিত্যনাথ কেন্দ্রীয় রাজনীতির বড় চরিত্র হয়ে উঠলে অবাক হওয়ার কিছু নেই।

প্রশ্ন :

প্রথম আলো: যদিও নির্বাচনী প্রচারের গোড়ার দিকে মনে হচ্ছিল, আদিত্যনাথই উত্তর প্রদেশে দলের মুখ হয়ে উঠেছেন। মোদি নন। এখন মনে হচ্ছে মোদিই মুখ, আদিত্যনাথ নন। আপনার কী মনে হয়?

বদ্রি নারায়ণ: বিষয়টা ওই রকম নয়। যে কারণে গ্রামে গ্রামে একটি প্রচার আছে 'মোদি যোগী এক হি’। মোদি ও যোগী আলাদা নন। এটা হয়তো কিছুটা ঠিক যে গোড়ার দিকে যখন বড় গণসভা হচ্ছিল বা প্রচারে উন্নয়নের বিষয় নিয়ে কথা হচ্ছিল, তখন মোদি অনেক বেশি গুরুত্ব পাচ্ছিলেন। বস্তুত, ভারতে যেকোনো নির্বাচনেই মোদি একটি বড় ফ্যাক্টর, তাঁকে এড়িয়ে প্রচার করা সম্ভব নয়। কিন্তু এখন করোনা পরিস্থিতিতে প্রচার ছোট হয়ে গেছে, ভার্চু৵য়াল মাধ্যমে প্রচার হচ্ছে, আদিত্যনাথ যোগীই প্রধান মুখ হয়ে উঠেছেন। তিনি নিয়মিত বিবৃতি দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন এবং এটা পরিষ্কার করে দিচ্ছেন যে উত্তর প্রদেশে বিজেপি জিতলে কৃতিত্ব তিনিই পাবেন। সে ক্ষেত্রে জাতীয় স্তরে তাঁর গুরুত্ব যে বাড়বে তা বলাই বাহুল্য।