উত্তর প্রদেশে আবার সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের দাদরির পর মাইনপুর জেলায় গরু জবাইয়ের গুজবে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সংঘটিত সহিংসতায় সাতজন আহত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ২১ জনকে আটক করেছে পুলিশ। খবর পিটিআইয়ের।
স্থানীয় পুলিশ গতকাল শনিবার জানায়, জেলার কারহাল এলাকায় একটি গরু জবাই করা হয়েছে বলে গুজব রটে। এর ফলে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, জবাই নয় অসুখে মারা গেছে গরুটি।
পুলিশ জানায়, গরু জবাইয়ের গুজব ছড়ানোর সঙ্গে সঙ্গে কারহালের নাগারিয়া গ্রামের ক্ষুব্ধ লোকজন পুলিশের একটি জিপে আগুন ধরিয়ে দেয়। তারা বেশ কয়েকটি যানবাহন এবং দোকান ভাঙচুর করে। মাইনপুরের জেলা হাকিম চন্দ্রপাল সিং বলেন, ‘গরু জবাইয়ের গুজবে সহিংসতা ঘটলেও ময়নাতদন্ত করে আমরা দেখেছি, অসুখে গরুটি মারা গেছে। মরা পশু যারা ফেলে দেয় তারাই গরুটিকে নিয়ে ফেলার আগে এর চামড়া ছাড়িয়ে নিচ্ছিল। আর তখনই গুজব রটে, গরুটি মেরে জবাই করা হয়েছে। এরপরই লোকজন বিক্ষোভ শুরু করে।’
চন্দ্রপাল সিং জানান, ওই সহিংসতার ঘটনায় ২১ জনকে আটক করা হয়েছে।
দুই সপ্তাহ আগে উত্তর প্রদেশের দাদরি এলাকায় গরু জবাই করার গুজবে মোহাম্মদ ইকলাখ নামের এক বাসিন্দাকে পিটিয়ে হত্যা করে স্থানীয় দুষ্কৃতকারীরা। ইকলাখের বাড়ির ফ্রিজে রাখা মাংস পরে পরীক্ষা করে দেখা যায়, সেটি গরুর মাংস ছিল না।
বিজেপির বিধায়ক গরুর মাংস রপ্তানি করতেন: ভারতে গরুর মাংস বিক্রি বা খাওয়ার বিরুদ্ধে আন্দোলনের একেবারে প্রথম সারিতে থাকা উত্তর প্রদেশ রাজ্যেরই বিজেপির বিধায়ক সংগীত সিং সোম হালাল মাংস রপ্তানিকারক একটি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আল-দোয়া ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড কোম্পানিটির প্রতিষ্ঠাতা ছিলেন মিরাটের সারধানা আসনের বিজেপির বিধায়ক সোম। মোহাম্মদ কোরেশি এবং যোগেশ রাওয়াতের সঙ্গে ২০০৫ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন তিনি। বিধায়ক সোম কোম্পানিটির পরিচালক থাকার কথা স্বীকার করেছেন।