উত্তর প্রদেশে কংগ্রেসের সাফল্যের মন্ত্র বললেন টিডিপি নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী। ছবি: এএফপি
রাহুল গান্ধী। ছবি: এএফপি

ভারতের উত্তর প্রদেশের রাজনীতিতে কংগ্রেসের হারানো সুদিন ফেরত আনতে গান্ধী পরিবারে ব্রাহ্মণ-কন্যা ঘরে আনার পরামর্শ দিলেন তেলেগু দেশম পার্টি বা টিডিপির সাংসদ দিবাকর রেড্ডি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কবে বিয়ে বা গান্ধী পরিবারের পুত্রবধূ কে হবেন, তা তা নিয়ে জল্পনার জল কম গড়ায়নি৷ সে প্রসঙ্গকেই উসকে দিলেন তেলেগু দেশম পার্টির ওই সাংসদ।

দিবাকর রেড্ডি ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে যোগ দেন অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টিতে। পরে সাংসদ হন। এর আগে কংগ্রেসের টিকিটে অন্ধ্র প্রদেশে তিনি ছয়বার বিধায়ক হয়েছিলেন।

দিবাকর রেড্ডি বলেন, উত্তর প্রদেশে কংগ্রেসকে জিতলে হলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে উত্তর প্রদেশের এক ব্রাহ্মণ-কন্যার সঙ্গে বিয়ে দেওয়া দরকার। কারণ, উত্তর প্রদেশে এখনো রাজনীতি নিয়ন্ত্রণ করে উচ্চবর্ণের হিন্দুরা। তাই রাহুল গান্ধী ব্রাহ্মণ-কন্যা বিয়ে করলে উত্তর প্রদেশের মানুষের ভুল ভাঙবে। তারা কংগ্রেসের দিকে এগিয়ে আসবে।

রাহুল গান্ধীর আদি নিবাস উত্তর প্রদেশে। ইন্দিরা-পুত্র রাজীব গান্ধী এবং পুত্রবধূ সোনিয়া গান্ধীর পুত্র তিনি। তিনি এখন কংগ্রেসের জাতীয় সভাপতি। গত বছরের ১৬ ডিসেম্বর তিনি কংগ্রেসের জাতীয় সভাপতির পদে বসেন। এখনো তিনি বিয়ে করেননি। বয়স ৪৮। সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে বিয়ে দিতে চাইলেও রাহুল গান্ধী এখনো সম্মতি দেননি বিয়েতে। যদিও কংগ্রেস নেতৃবৃন্দ চায়, রাহুল গান্ধী বিয়ে করুক।

ভারতে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলো উত্তর প্রদেশ। এই রাজ্যে রয়েছে লোকসভার ৮০টি আসন। একসময় উত্তর প্রদেশ এবং পাশের রাজ্য বিহার ছিল কংগ্রেসের মূল ঘাঁটি। কংগ্রেসের পর উত্তর প্রদেশে মাথা তুলে দাঁড়িয়েছিল মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টিসহ আরও কয়েকটি আঞ্চলিক দল। তবে ২০১৪ সালের সর্বশেষ ভারতের লোকসভা নির্বাচনে উল্টে যায় উত্তর প্রদেশের নির্বাচনের ফলাফলের সব হিসাব-নিকাশ। বিজেপি হঠাৎ করে ঘটিয়ে দেয় এক রাজনৈতিক বিপ্লব। বিজেপি জয়ী হয় লোকসভা নির্বাচনে। ছিনিয়ে নেয় ৭২টি আসন। তারপর ২০১৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনেও জয়ী হয় বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিজেপির যোগী আদিত্যনাথ।

বিজেপিবিরোধীরা মনে করছেন, বিজেপির আদিত্যনাথের জনপ্রিয়তায় ভাটার টান শুরু হয়েছে। উত্তর প্রদেশে বিজেপির মাটি ধীরে ধীরে আলগা হচ্ছে। ফের জেগে উঠছে নতুন করে বিরোধীরা। সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টিসহ কংগ্রেসের নতুন করে পালে হাওয়া লাগতে শুরু করেছে। এখন রাহুল যদি উত্তর প্রদেশে বিয়েটা করেই ফেলেন, তবে মন্দ কী!