উত্তর প্রদেশে গরু জবাই ও পাচার করলে শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে গরু জবাই ও দুধ দেয় এমন গবাদিপশু পাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছে।

রাজ্য পুলিশের পক্ষ থেকে গত মঙ্গলবার জারি করা এক সংক্ষিপ্ত সতর্কবার্তায় বলা হয়, এই দুই ধরনের কাজে জড়িত ব্যক্তিদের জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) ও দস্যু আইনের আওতায় এনে বিচার করা হবে। রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) সুলখান সিংয়ের জারি করা ওই বার্তা সব শহর পুলিশপ্রধানের কাছে পাঠানো হয়েছে।

এই রাজ্যের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সরকারের আমলে গরু জবাই ও গবাদিপশু পাচার নিষিদ্ধ করা সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছিল। কিন্তু সেই আদেশ কঠোরভাবে বাস্তবায়ন করা হয়নি।

এনএসএ আইনের আওতায় সরকার চাইলে একজন ব্যক্তিকে যত দিন খুশি আটকে রাখতে পারবে। অভিযুক্ত ব্যক্তির জন্য পুলিশ সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত রিমান্ড চাইতে পারবে, যেখানে সাধারণ অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত রিমান্ড চাওয়া যায়।

ডিজিপির জারি করা সতর্কবার্তায় গবাদিপশু পাচার রোধ এবং নিজেদের গোয়েন্দা নেটওয়ার্ক জোরদার করতে সব পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।