উত্তর প্রদেশে জাকির নায়েককে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েককে গ্রেপ্তারের দাবি উঠেছে ভারতের উত্তর প্রদেশে। স্থানীয় মুসলিম নেতারা এই দাবি তুলে পিস টিভির সম্প্রচার বন্ধেরও দাবি জানিয়েছেন। তাঁরা জাকির নায়েককে ইসলামবিরোধী ও ভারতবিরোধী বলে আখ্যা দেন। 


ঢাকার গুলশানে হামলার ঘটনার পর ভারতের কেন্দ্রীয় সরকার জাকির নায়েকের বিভিন্ন বক্তব্যের বিষয় খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে। এ ছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ানবিশ জাকির নায়েকের বক্তব্য তদন্তের নির্দেশ দিয়েছেন। জাকির নায়েকের বিতর্কিত বক্তব্য উপমহাদেশের অনেক তরুণকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব উদ্যোগ নেওয়া হয়। এই পরিস্থিতিতে উত্তর প্রদেশেরে মুসলিম নেতারা জাকির নায়েককে গ্রেপ্তার ও তাঁর বক্তব্য প্রচারকারী পিস টিভি বন্ধের দাবি তুললেন।
উত্তর প্রদেশের বেরেলি অঞ্চলের ইমাম মাওলানা শাহাবুদ্দিন রাজভি বলেন, ঢাকার ক্যাফেতে হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছিল। তাঁর বক্তব্য সন্ত্রাসীদের সহযোগিতা করছে, মুসলমানদের উগ্র হতে অনুপ্রেরণা দিচ্ছে। এ অপরাধেই তাঁকে গ্রেপ্তার করার দাবি তোলেন তিনি।
বেরেলি শহরের কাজী মাওলানা আসজাদ রাজা খানও জাকির নায়েকের ‘ঘৃণা ছড়ানো’ বক্তব্য প্রকাশের অভিযোগে নিষেধাজ্ঞা চেয়েছেন। জাকির নায়েকের কার্যক্রম ইসলাম এবং ভারতীয় সংস্কৃতির বিরোধী হওয়ায় ২০০৮ সালে লক্ষ্ণৌ, কানপুর ও এলাহাবাদের রাজ্য সরকার তাঁকে নিষিদ্ধ করেছিল বলে জানান তিনি।

উল্লেখ্য, জাকির নায়েকের বক্তব্যের কারণে তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ায় নিষিদ্ধ ১৬ চিন্তাবিদের একজন জাকির নায়েক।

আরও পড়ুন: