উত্তর প্রদেশে জয়ী প্রার্থীদের ৮০ শতাংশ কোটিপতি
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশের জয়ী বিধায়কদের মধ্যে ৩২২ জনই কোটিপতি, যা প্রায় প্রায় ৮০ শতাংশ। গড়ে একজন বিজয়ী বিধায়কদের সম্পত্তির পরিমাণ হচ্ছে ৫ দশমিক ৯২ কোটি রুপি।
এ ছাড়া ৩৬ শতাংশ, অর্থাৎ ১৪৩ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। ভারতের জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে ৪০৩ জন বিধায়ক জয়ী হয়েছেন।
উত্তর প্রদেশের ন্যাশনাল ইলেকশন ওয়াচ ও বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
এর আগে সর্বশেষ ২০১২ সালের বিধানসভা নির্বাচনে জয়ী কোটিপতি বিধায়কের সংখ্যা ছিল ২৭১ বা ৪৭ শতাংশ। এবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২২-এ। সমীক্ষায় বলা হয়েছে, প্রতি ১০ জন বিধায়কের মধ্যে আটজনই কোটিপতি। চারজন বিধায়কের মধ্যে একজনের বিরুদ্ধে ঝুলছে খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধের মামলা।
২০১২ সালের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে জয়ী বিধায়কের মধ্যে ১৮৯ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল।