উত্তর প্রদেশে দুই কিশোরীকে ধর্ষণ ও হত্যা করা হয়নি: সিবিআই
ভারতের উত্তর প্রদেশের বাদাউন জেলায় দুই কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়নি। বরং তারা আত্মহত্যা করেছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) পরিচালক রঞ্জিত সাহা এমনটাই দাবি করেছেন।
এএফপির খবরে জানা যায়, সিবিআই পরিচালক রঞ্জিত সাহা হিন্দুস্তান টাইমসকে জানান, স্থানীয় পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল, দুই কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে পরে তদন্তে প্রমাণিত হয়েছে যে ওই দুই কিশোরীকে ধর্ষণ বা হত্যা করা হয়নি। তারা আত্মহত্যা করেছে। কিশোরীদের পরিবার গ্রামের এক ব্যক্তির সঙ্গে মেলামেশা করতে তাদের নিষেধ করে। এ কারণে তারা আত্মহত্যা করে। গণমাধ্যমের কাছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।
এ বছরের মে মাসে ভারতের উত্তর প্রদেশের বেদুইন জেলার একটি গ্রামে ১২ বছরের ও ১৪ বছরের দুজন কিশোরীকে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারা ছিল দলিত সম্প্রদায়ের। নিম্ন বর্ণের হওয়ায় তাদের মামলা প্রথমে পুলিশ নিতে চায়নি। ওই কিশোরীর পরিবারের অভিযোগ, বাড়িতে শৌচাগার না থাকায় রাতে তারা খোলা মাঠে প্রাকৃতিক কর্ম করতে গিয়েছিল। পরে তাদের গণধর্ষণ করে হত্যা করা হয়।
ময়নাতদন্তের পর পুলিশ জানায়, কিশোরীদের ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়। দোষীদের শাস্তির দাবিতে ভারতে বিক্ষোভের ঝড় ওঠে।
২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে মেডিকেলের এক ছাত্রী গণধর্ষণের শিকার হন। এ নিয়ে তীব্র প্রতিবাদের মুখে দেশটিতে যৌন অপরাধবিষয়ক আইন কঠোর করা হয়। যদিও দেশটিতে ধর্ষণের ঘটনায় মামলার সংখ্যা এখনো খুবই কম, তবে এর কারণ হিসেবে মনে করা হয়, গ্রামে এ ধরনের ঘটনা খুব একটা প্রকাশ্যে আসে না।
আরও পড়ুন