উত্তর প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গোরখপুর জেলায় গতকাল মঙ্গলবার রাতে চলন্ত দুটি ট্রেনের সংঘর্ষে ১২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। 
রাত পৌনে ১১টার দিকে জেলার নন্দনগরের কাছে ক্যান্টনমেন্ট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা অশোক সিং বলেন, বারানসি থেকে গোরখপুর আসা যাত্রীবাহী ট্রেন কৃষক এক্সপ্রেস ও উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে আসা লক্ষ্ণৌ-বারাউনি এক্সপ্রেস ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়।
রেলের আরেক মুখপাত্র অনিল কুমার সাক্সেনা বলেন, নিহত ব্যক্তিদের সংখ্যা বেড়ে ১২ জন হয়েছে। আহত ৪৫ জন। সংকেত অমান্য করার অভিযোগে কৃষক এক্সপ্রেসের চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।
এর আগে মুখ্য জনসংযোগ কর্মকর্তা অশোক সিং বলেছিলেন, দুর্ঘটনায় বারাউনি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে নিহত হয় ছয়জন। আহত হয় অন্তত ৪০ জন। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহত ব্যক্তিদের পরিবারপিছু ৫০ হাজার রুপি ও গুরুতর আহত প্রত্যেককে ২৫ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ।