উত্তর প্রদেশে ফের বিজেপি বিধায়কের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্তর প্রদেশের বিধায়ক কুলদীপ সিং সেনগার ও তাঁর সঙ্গীদের হাতে গত বছর ধর্ষণের শিকার হয় উন্নাও জেলার এক কিশোরী (১৭)। এরপর ওই কিশোরী বিজেপির ওই বিধায়ক ও সঙ্গীদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ করে। এমনকি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে গত ৮ এপ্রিল গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যারও চেষ্টা করে সে। কিন্তু পুলিশ ঘটনাটি আমলে নেয়নি।
এর পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশ ওই ঘটনার সঙ্গে যুক্ত দুই পুলিশ কর্মকর্তাসহ চার পুলিশ কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। গত ১৩ এপ্রিল পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সিংকে। ইতিমধ্যে তদন্তে ধর্ষণের প্রমাণও পেয়েছে পুলিশ। এ ঘটনার জের কাটতে না কাটতে ফের আরেক বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই বিধায়কের নাম কুশাগ্র সাগর। তিনি উত্তর প্রদেশের বদাউন জেলার বিশাউলি কেন্দ্রের বিজেপি বিধায়ক। এই বিধায়কের বিরুদ্ধে তাঁর গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মায়ের সঙ্গে বিধায়কের বাড়িতে কাজ করার সুবাদে ২০১২ সালে ওই কিশোরীর সঙ্গে কুশাগ্রর পরিচয়। তখন তার বয়স ছিল ১৬ বছর। কুশাগ্রর বাবা যোগেন্দ্র সাগরও ছিলেন বহুজন সমাজ পার্টির বিধায়ক। তিনিও ২০০৮ সালে এক ধর্ষণকাণ্ডে জড়িয়ে কারাগারে যান।
বিয়ের কথা বলে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে কুশাগ্র সাগর ওই কিশোরীকে বহুবার ধর্ষণ করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। এরই মধ্যে কুশাগ্রের বিয়ে ঠিক হয়েছে আগামী ১৭ জুন। বিয়ের দিন ঠিক হওয়ার পরই গত মঙ্গলবার বেরিলির সিনিয়র পুলিশ সুপার কালানিধি নৈথানির কাছে এই ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।