উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে বিরোধীদের নতুন কৌশল

উত্তর প্রদেশ এখন বিজেপির দখলে। ৮০ আসনের ৭১টিই বিজেপির। অথচ একসময় এ প্রদেশে কংগ্রেস ছিল রাজনীতির কেন্দ্রে। পরে উঠে আসে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টিসহ নানা দল। কিন্তু ২০১৪ সালের নির্বাচনে চমক দেয় বিজেপি। আগামী লোকসভা নির্বাচনেও কি বিজেপি আধিপত্য ধরে রাখবে? নাকি বিজেপিকে ঠেকানো যাবে? বিজেপিকে উত্তর প্রদেশে ঠেকানোর নতুন কৌশল নিয়েছে বিরোধী দলগুলো। জোট বাঁধছে তারা।
জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশ। রাজ্যটিতে রয়েছে লোকসভার ৮০টি আসন। ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। একসময় এই উত্তর প্রদেশই ভারতের রাজনীতিকে নেতৃত্ব দিয়েছে। ২০১৪ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৭১টি আসন, সমাজবাদী পার্টি পেয়েছিল ৫টি, কংগ্রেস ২টি এবং আপনা দল দুটি আসন। তবে ২০১৪ সালের নির্বাচনে সব দলই পৃথকভাবে লড়েছিল। এবার আর তা হচ্ছে না।
আবার আসছে লোকসভা নির্বাচন। আগামী বছরের এপ্রিল-মে মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে এবার উত্তর প্রদেশ থেকে বিজেপিকে হটানোর জন্য এক হয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেসসহ বিজেপিবিরোধী অন্য আঞ্চলিক দলগুলো। তারা ইতিমধ্যে নির্বাচনী জোটও গঠন করে ফেলেছে। এই জোট এবার এক হয়ে লড়বে বিজেপির বিরুদ্ধে।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনে বিরোধীরা ইতিমধ্যে আসন ভাগ করে ফেলেছে। ৮০টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি লড়বে ৩০টিতে। বহুজন সমাজ পার্টি লড়বে ৩০টিতে। কংগ্রেস লড়বে ১০টিতে। বাকি ১০টিতে লড়বে বিজেপিবিরোধী অন্যান্য আঞ্চলিক দল।
সম্প্রতি উত্তর প্রদেশের কৈরানা লোকসভা, গোরক্ষপুর এবং ফুলপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিরোধী জোটের কাছে হার মেনেছে বিজেপি। এ তিন আসনই ছিল বিজেপির দখলে। গোরক্ষপুর বিধানসভা আসনটি ছিল আবার রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের। এ ফল দেখেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী এবং কংগ্রেসের রাজ্য নেতৃত্ব অন্যান্য ছোট বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এক বৈঠক করে লোকসভা নির্বাচনের জন্য আসন সমঝোতা করে নিয়েছেন।
আগামী লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটি এখন উপলব্ধি করতে শুরু করেছে তারা। বিরোধীদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বিজেপিও মাঠে নেমে পড়েছে।