উত্তর প্রদেশে বিজেপির জয় যেসব কারণে

সিদ্ধান্ত যে ভুল ছিল, তা এতক্ষণে বুঝে গেছেন অখিলেশ যাদব। রাজনীতিতে বাবার নির্দেশ অমান্য করে যে বিরাট সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, তা উল্টো তাঁকে বিপদে ফেলল। লাভ হলো না রাহুল গান্ধীর সঙ্গে জোট বেঁধে। সমাজবাদী পার্টির (এসপি) নেতা উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী ৪৪ বছর বয়সী অখিলেশ যাদব কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও ব্যাপক ব্যবধানে পরাজিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে।
ভারতের পাঁচ রাজ্য উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, গোয়া ও মণিপুরে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে আজ শনিবার। দিনের প্রথম ভাগেই ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় তুলে নিয়েছে। রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৩২৫টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কমপক্ষে ২০২টি আসন পেতে হতো। কংগ্রেস ও অখিলেশ যাদবের দল এসপি পেয়েছে ৫৪ আসন। মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বিএসপি) পেয়েছে ১৯টি। বাকি আসন পেয়েছে অন্যান্য দল।
ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ রাজ্যে নির্বাচনের আগে নানা হিসাব কষা হচ্ছিল। অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন অখিলেশ যাদব। এর আগে তাঁর বাবা মুলায়াম সিং যাদব উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির প্রধান ছিলেন। তিনি তিনবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। বাবার চেয়েও দল নিয়ে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন অখিলেশ যাদব। কংগ্রেসের সঙ্গে জোটে এত বেশি আত্মবিশ্বাসী ছিলেন যে আরেক বড় নেতা মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট বাঁধার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছিলেন।
বলা হয়, বাবার সঙ্গে এক রকম লড়াই করেই কংগ্রেসের সঙ্গে জোট বাঁধেন অখিলেশ। রাহুল গান্ধীর সঙ্গে বন্ধুত্ব ও সোনিয়া গান্ধীর স্নেহ তাঁকে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে উৎসাহ জুগিয়েছিল। তিনি ভেবেছিলেন কংগ্রেসের কারণে উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ মুসলিম ভোটগুলো তিনি পাবেন। উত্তর প্রদেশের মোট জনসংখ্যার ১৮ শতাংশ মুসলিম। যাদের বিজেপির বড় বিরোধী শক্তি বলে ধরা হয়। অথচ উত্তর প্রদেশের মুসলিম-অধ্যুষিত এলাকাতেও জয় পেয়েছে বিজেপি।
উত্তর প্রদেশে জাতপাতের লড়াই চিরকাল হয়ে আসছে। এবারও এই ইস্যু কাজে লাগাতে কসুর করেনি কেউ। তবে দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অব পলিসি রিসার্চের গবেষক ভানু ঝা বলেন, মোদি এবার এই জাতপাতের গণিতের বাইরে এসে সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। বাস্তবে মাঠপর্যায়ে বিজেপিকে কেউ জাতপাতের ধ্বজাধারী দল হিসেবে গণ্য করেনি।
বস্তুত উচ্চ, মধ্য ও নিম্নবর্ণের মানুষের ইস্যুগুলোকে সফলভাবে এক সুতোয় এনেছে। বিজেপি নির্বাচনের আগে এ রাজ্যে তাদের মুখ্যমন্ত্রীর পদ নাম ঘোষণা করেনি। কারও নাম ঘোষণা করলে কোনো না কোনো জোট তাতে অখুশি হতো। বিজেপি রাজ্যের কোনো জাতিকেই নির্বাচনের আগে অখুশি করতে চায়নি।
উত্তর প্রদেশে জেতার পর বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, এ রাজ্যে তাদের বিজয়ের কারণ শুধু মোদি এবং মোদি। এ রাজ্যে মোদি-ম্যাজিক কার্যকর হয়েছে, তা বিশ্লেষকেরা স্বীকার করছেন।
বিজেপির উত্তর প্রদেশ বিজয়ের আরেক কারণ বিহার থেকে শিক্ষা নেওয়া। বিহারে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেও এখানে করেনি। আবার বিহারের মতো শুধু মোদিকেন্দ্রিক নির্বাচনী প্রচার থেকে বের হয়ে এসেছে এ রাজ্যে। সেখানে অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, কেশব প্রসাদ মৌর্য, কালরাজ মিশ্র প্রমুখ নেতা ঠাঁই পেয়েছেন।
বিজেপি ‘বিজয় এবং বিজয়ীই মূল’ এই নীতি গ্রহণ করেছিল। তারা প্রায় ১০০ আসন বিজেপিতে আসা নতুনদের ছেড়ে দিয়েছিল। দলীয় আনুগত্যের চেয়ে তারা নির্বাচনী লড়াইয়ে কে জিতবে, তা-ই বিবেচনা করেছে।
বিজয়ের আরেকটি কারণ মোদির প্রচণ্ড পরিশ্রম। যেখানে তাঁর ১০টি সমাবেশ করার কথা, সেখানে তিনি করেছেন ৩০টি। এই শ্রম কাজে দিয়েছে, বিপুল বিজয় তারই জানান দিচ্ছে।
বিহারের মতো উত্তর প্রদেশে অখিলেশ নিজে নীতিশ কুমারের জায়গায় যেতে পারেননি। রাহুলও ব্যর্থ হয়েছেন নিজেকে লালু প্রসাদের অবস্থানে তুলে ধরতে। তাই নীতিশ-লালু জোটের বিজয় বিহারে সম্ভব হলেও অখিলেশ-রাহুল জোট কাজ দেয়নি।
প্রসঙ্গত ভারতের পাঁচ রাজ্য উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, গোয়া ও মণিপুরে বিধানসভা নির্বাচন শুরু হয় গত ৪ ফেব্রুয়ারি। শেষ হয় ৮ মার্চ। পাঁচ রাজ্যে ৬৯০টি আসনে প্রায় ১৬ কোটি ভোটার রয়েছেন। এর মধ্যে ২৩টি নিম্নবর্ণ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত। ভোট গ্রহণ শেষে আজ শনিবার ফল ঘোষণা করা হয়। নির্বাচনে উত্তর প্রদেশ রাজ্যে মোট সাত দফায় নির্বাচন হয়। মণিপুরে ভোট হয় দুই দফায়। এ ছাড়া উত্তরাখন্ড, গোয়া ও পাঞ্জাব রাজ্যে এক দফায় ভোট হয়। সূত্র: এনডিটিভি, বিবিসি এবং টাইমস অব ইন্ডিয়া