উত্তর প্রদেশে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি হয়রানির প্রতিবাদে ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষৌ রাজ্যের কয়েকটি জেলার মাংস বিক্রেতারা গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। সমর্থন জানিয়ে মাছ বিক্রেতারাও এতে যোগ দিয়েছেন। ধর্মীয় ব্যক্তিত্ব যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর সেখানে মাংস ব্যবসা নিয়ে প্রশাসনিক ব্যবস্থার পর এ সংকট সৃষ্টি হয়েছে।
মাংস ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, অবৈধ কসাইখানা বন্ধ করতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশের পর পুলিশ বৈধ-অবৈধ নির্বিশেষে মাংস ব্যবসায়ীদের হয়রানি করছে। এর প্রতিবাদেই তাঁরা এ কর্মসূচি পালন করছেন। ব্যবসায়ীরা বলেন, সরকারের নিষেধাজ্ঞায় তাঁরা বিস্মিত। আগে থেকে সতর্ক করে দেওয়া উচিত ছিল। উত্তর প্রদেশসহ ভারতের কয়েকটি রাজ্যে গরু জবাই নিষিদ্ধ। সেখানকার মাংসের দোকানে মহিষ ও ছাগলের মাংস বিক্রি হয়।
মাংস ব্যবসায়ীদের সংগঠন লখনৌ লক্ষৌ বকরা গোশত ব্যাপার মণ্ডলের’ মুখপাত্র মুবিন কোরেশি গতকাল বলেন, ‘আমরা আজ থেকে ধর্মঘট শুরু করছি। সব মাংসের দোকান বন্ধ থাকবে। মাছ বিক্রেতারাও আমাদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন। কসাইখানাগুলোর ওপর অভিযান শুরু করায় লাখো মানুষের রুটি-রুজি বন্ধ হয়ে গেছে।’
এদিকে রাজ্য সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং পুলিশ কর্মকর্তাদের ‘অতি উত্তেজিত’ না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি গতকাল সকালে বলেন, বৈধ কসাইখানাগুলো নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। তিনি বলেন, লাইসেন্স করে নেওয়ার জন্য মাংস বিক্রেতাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। ভারতের পরিবেশ আদালত (এনজিটি) উত্তর প্রদেশে সব ধরনের অবৈধ কসাইখানা নিষিদ্ধ ঘোষণা করেছেন।
পরিবেশ আন্দোলনের কর্মীরা বলেছেন, অবৈধ কসাইখানাগুলোর বর্জ্যে পরিবেশ নষ্ট হচ্ছে। এতে পানিদূষণ হচ্ছে এবং অসুখ-বিসুখ ছড়াচ্ছে। এটা পরিবেশ আইনের লঙ্ঘন।
উত্তর প্রদেশের পুলিশ বলছে, তারা আইনানুগ ব্যবস্থা নিচ্ছে মাত্র। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, বড় ধরনের বিশৃঙ্খলা হলে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করব।
উত্তর প্রদেশের ৪৪ বছর বয়সী নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনী অঙ্গীকারে অবৈধ কসাইখানা বন্ধ করার কথা ছিল।