উত্তর প্রদেশে মোদি ঝড় : আশায় পশ্চিমবঙ্গের বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে জনসংখ্যার দিক থেকে বৃহৎ রাজ্য উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে মোদি ঝড়ে তছনছ হয়ে গেছে বিরোধী সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং বহুজন সমাজপার্টির সাজানো বাগান। গতকাল শনিবার ফলাফল প্রকাশের পর মাথায় হাত ওঠে বিজেপি-বিরোধীদের। উত্তর প্রদেশের ফলাফল পশ্চিমবঙ্গের বিজেপি শিবির উদ্দীপ্ত। আর উত্তরের ঝড় শঙ্কা সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি-বিরোধী রাজনীতিতে।
পশ্চিমবঙ্গের বিরোধী কংগ্রেস, বাম দল বা শাসক তৃণমূল কংগ্রেসও ভাবতে পারেনি এ ধরনের ফলাফল হবে। সবারই ধারণা ছিল, হাড্ডাহাড্ডি লড়াই হবে মোদির বিজেপির সঙ্গে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোটের। কিন্তু সব হিসাব উল্টে গেল এ বিজয়ে। তবুও এ রাজ্যের বিজেপি-বিরোধীরা বলে দিয়েছেন উত্তর প্রদেশের ফলাফল এই রাজ্যে কোনো প্রভাব ফেলবে না।
২০১৯ সালে ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন। ২০১৪ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনেও মোদি ঝড় আঘাত করেছিল উত্তর প্রদেশকে। সেই ফল মাথায় রেখে আশার আলো দেখছে পশ্চিমবঙ্গের বিজেপির নেতা ও সমর্থকেরা।
পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকাল নির্বাচনী ফলাফল বের হওয়ার সময় বিজেপির অগ্রযাত্রা দেখে কলকাতার তাঁর রাজ্য দলীয় কার্যালয়ে আনন্দে মেতে ওঠেন। ঘোষণা দেন, শুরু হলো বিজেপির অগ্রযাত্রা এই রাজ্যে। দিলীপ ঘোষ বলেন, আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে শুরু হবে বিজেপির জয়যাত্রা। মানুষ আগেই ছুড়ে দিয়েছে বাম দল ও কংগ্রেসকে। এবার ছুড়ে দেবে তৃণমূলকে। সামনে আসছে বিজেপির দিন।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এক নেতা বলেছেন, উত্তর প্রদেশ আর পশ্চিমবঙ্গের অবস্থা এক নয়। এখানের রাজনৈতিক প্রেক্ষাপট ও পারিপার্শ্বিকতার সঙ্গে উত্তর প্রদেশের মিল নেই। এখানের মানুষ মমতার ওপর আস্থা রেখেছে। সুতরাং উত্তর প্রদেশের ফলাফল এখানে কোনো প্রভাব ফেলতে পারবে না। তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের আন্দোলন যেমন ছিল, তেমনই থাকবে। এই ফলাফলে আহ্লাদিত হলে কাজ হবে না। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল ৪০ থেকে ৪২ আসন পাবে। যদিও এই রাজ্যে রয়েছে লোকসভার ৪২টি আসন।
অন্যদিকে সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব এক বিবৃতিতে বলেছে, ‘এ ধরনের জয় গোটা দেশের সাম্প্রদায়িক রাজনীতিকে উৎসাহ দেবে। যে রাজনীতি দেশের অন্দরে বিভাজন তৈরি করে।’ আর পশ্চিমবঙ্গ কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি ও বর্তমান সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেছেন, ‘উত্তর প্রদেশের ফলাফল পশ্চিমবঙ্গে কোনো প্রভাব ফেলবে না। পাঞ্জাব, মণিপুর ও গোয়া আমাদের বাঁচিয়ে দিয়েছে। আগামী দিনে কংগ্রেস আরও ভালো ফল করবে।’
আর উত্তর প্রদেশের বিধানসভার নির্বাচন ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘নির্বাচনে হারজিত আছে। কেউ জিতবে কেউ হারবে। পরাজিতদের বলব, তাঁরা যেন ভেঙে না পড়েন। এটাই গণতন্ত্র। গণতন্ত্রে পরস্পরের মতামতকে সম্মান জানানো উচিত। বিশ্বাস রাখা উচিত মানুষের ওপর।’
তবে বিজেপি-বিরোধী রাজনীতিকেরা এখন যা-ই বলুন না কেন, এই রাজ্যে মোদি ঝড়ের কিছুটা ঝাপটা পড়বে—এ কথা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ। এর একটি কারণ, এ রাজ্যে বিজেপির ভোট ক্রমে বাড়ছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের চেয়ে গত বছরের বিধানসভায় বিজেপির ভোট বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, অনেক রাজনীতিক ক্ষমতার লোভে দল পরিবর্তন করতে পারেন। সে ক্ষেত্রে কোনোক্রমেই বাদ দেওয়া যাবে না কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বাম দলের নেতা-কর্মীদের।