উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সংকট আরও জটিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে। মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব গতকাল বুধবার আচমকাই রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এর ঠিক আগেই দলের রাজ্য সভাপতি শিবপাল যাদব দল থেকে বহিষ্কার করেন অখিলেশের ঘনিষ্ঠ মন্ত্রী তেজ নারায়ণ পান্ডেকে।

দল দখলে কাকা-ভাইপোর এই লড়াইয়ের অবসান কবে, কীভাবে হবে অথবা আদৌ হবে কি না, সে বিষয়ে সবাই এ মুহূর্তে ঘোর সংশয়ে।

ভাই শিবপালকে পাশে বসিয়ে সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব গত মঙ্গলবারই বলেছিলেন, দলে কোনো লড়াই নেই। সবাই এক জোট হয়ে আগামী বছর ভোটে লড়বে ফের ক্ষমতায় আসার জন্য। চব্বিশ ঘণ্টা পেরোনোর আগেই শিবপাল যাদব পার্টি থেকে বহিষ্কার করেন অখিলেশের ঘনিষ্ঠ মন্ত্রী তেজ নারায়ণ পান্ডেকে। মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ করেন, বহিষ্কৃত পান্ডেকে যেন মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়। অন্তত বুধবার সন্ধ্যা পর্যন্ত তা করেননি অখিলেশ।

গত রোববার শিবপাল ও তাঁর ঘনিষ্ঠ তিন মন্ত্রীকে অখিলেশ মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন। তেজ নারায়ণকে বহিষ্কার তারই পাল্টা পদক্ষেপ। যাদব পরিবারের এই ক্ষমতা দখলের লড়াইয়ে অখিলেশকে সমর্থন করার অপরাধে দল থেকে বহিষ্কৃত হয়েছেন মুলায়মের ভাই রাজ্যসভার সদস্য রামগোপাল যাদব। কিন্তু তিনি রাজ্যসভার সদস্যপদে ইস্তফা না দিয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে রয়েছেন। তেজ নারায়ণকেও অখিলেশ মন্ত্রিসভা থেকে না সরালে তিনি স্বতন্ত্র সদস্য হিসেবে মন্ত্রী থাকতে পারেন। অখিলেশ কতটা লড়াইয়ের মেজাজে থাকবেন, তা বোঝা যাবে এ সিদ্ধান্তের মধ্য দিয়েই। মুলায়ম অবশ্য প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন, নির্বাচন পর্যন্ত অখিলেশই মুখ্যমন্ত্রী থাকবেন। কিন্তু ফের ক্ষমতায় এলে অখিলেশকেই যে আবার মুখ্যমন্ত্রী করা হবে, তেমনটা ঘোষণা করা হয়নি। শিবপাল বলেন, নতুন বিধায়কেরাই নতুন নেতা নির্বাচন করবেন।

আগামী ৩ নভেম্বর থেকে মুখ্যমন্ত্রী অখিলেশ গোটা রাজ্যে ‘রথযাত্রা’ শুরু করছেন। দুর্নীতিমুক্ত সরকার, উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ার প্রতিশ্রুতিই এই অভিযানের মূল কথা। এই অভিযান নিয়ে দলীয় বিধায়কদের বৈঠকের মাঝখানেই গতকাল আচমকা তিনি চলে যান রাজভবনে রাজ্যপাল রাম নায়েকের সঙ্গে দেখা করতে। কেন এই সাক্ষাৎ, তার কোনো ব্যাখ্যা অবশ্য কেউ দেননি। রাজভবন সূত্রে বলা হয়, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে সবকিছু অভিহিত করেছেন। সমাজবাদী পার্টি সূত্রের খবর, শিবপালসহ চার মন্ত্রীর শূন্য পদে মন্ত্রী নেওয়ার বিষয় নিয়েও কথা হয়েছে।

সমাজবাদী পার্টির এই গৃহযুদ্ধের ফলে রাজ্যের মুসলমানদের মধ্যে একটা অদ্ভুত দোলাচল দেখা দিয়েছে। গত ভোটে যাঁরা এই দলকে ঢেলে সমর্থন দিয়েছেন, তাঁরা দ্বিধাবিভক্ত। ভোটের আগে দল ভাঙবে কি না সেটাও এখনো খুব স্পষ্ট নয়। বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী মনে করছেন, সমাজবাদী পার্টির এই ঘরোয়া কোন্দলের ফলে মুসলমানদের ভোট তাঁর পার্টিতেই আসবে। রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে ১২৫টির ভোটভাগ্য নির্ধারণ করেন মুসলমানেরা। আর সে কারণেই মায়াবতী এখন এ কেন্দ্রগুলোর ওপর বিশেষ নজর দিয়েছেন। অন্তত এক শ জন মুসলমানকে এবার মায়াবতী প্রার্থী করবেন বলে দলীয় সূত্রের খবর।