উত্তর প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতা বেশি
ভারতের বড় রাজ্য উত্তর প্রদেশ। এই রাজ্যে ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে শাসনক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মুখ্যমন্ত্রী হন বিজেপির যোগী আদিত্যনাথ। এই রাজ্যেই গতকাল বুধবার ঘটে গেল অভাবনীয় ঘটনা।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছেড়ে আসা গোরক্ষপুর সাংসদ আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী গতকাল বুধবার হেরে যায় সমাজবাদী দলের প্রার্থীর কাছে।
একইভাবে ওই দিন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের ছেড়ে আসা ফুলপুর আসনেও সমাজবাদী দলের প্রার্থীর কাছে হেরে যায় বিজেপি প্রার্থী। দুটি আসনেই হেরে যাওয়ায় বড় ধাক্কা খায় বিজেপি।
আগামী বছরই ভারতের লোকসভা নির্বাচন। তার আগে এ ধরনের ধাক্কা আগামী বছর অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে বিজেপির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
গতকাল নির্বাচনের ফল ঘোষণার দিনই লোকসভায় এক প্রশ্নের জবাবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির বলেন, সাম্প্রদায়িক সহিংসতার ক্ষেত্রে এখন ভারতে শীর্ষে রয়েছে এই উত্তর প্রদেশ। তিনি বলেছেন, ২০১৭ সালে ওই রাজ্যে ৮২২টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ৭০৩টি আর ২০১৫ সালে ছিল ৭৫১টি।
লিখিত উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২০১৭ সালে সংগঠিত ৮২২টি সাম্প্রদায়িক সহিসংতার ঘটনার মধ্যে উত্তর প্রদেশেই ছিল ১৯৫টি। এরপর যথাক্রমে ছিল কর্ণাটকে ১০০, রাজস্থানে ৯১, বিহারে ৮৫ এবং মধ্যপ্রদেশে ৬০টি। আর ২০১৬ সালেও এই সংখ্যার শীর্ষে ছিল উত্তর প্রদেশ। সেবার উত্তর প্রদেশে এই ঘটনা ঘটেছিল ১৬২টি। এরপরের স্থান ছিল, কর্ণাটক ১০১, মহারাষ্ট্র ৬৮, বিহার ৬৫ এবং রাজস্থান ৬৩টি।
ধর্মীয় নানা বিষয়, জমিসংক্রান্ত বিবাদ, লিঙ্গবৈষম্য, সামাজিক মাধ্যমসহ নানা ঘটনায় এসব সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলেও জানান প্রতিমন্ত্রী।