হিন্দুত্ববাদী আদিত্যনাথ উত্তর প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিত্যনাথ।ছবি: এএফপি
আদিত্যনাথ।ছবি: এএফপি

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ যোগী আদিত্যনাথ। আজ শনিবার রাজ্যের রাজধানী লক্ষ্ণৌতে বিজেপির এক সভায় নতুন নির্বাচিত বিধায়কেরা আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন। আগামীকাল রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের গোরকনাথ মন্দিরের প্রধান পুরোহিত আদিত্যনাথ।
বিজেপির সভায় দুজন উপমুখ্যমন্ত্রীও নির্বাচন করা হয়। তাঁরা হলেন দলটির রাজ্য শাখার সভাপতি কেশব প্রসাদ মৌর্য এবং লক্ষ্ণৌর মেয়র দীনেশ শর্মা।
ভারতের কেন্দ্রীয় টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মনোজ সিনহা মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। দলে তাঁর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই এ দায়িত্ব পাবেন বলে মনে করা হচ্ছিল। তবে শেষতক ৪৪ বছর বয়সী আদিত্যনাথই এ রাজ্যের ৩২তম মুখ্যমন্ত্রী হলেন। তিনি ১৯৯৮ সাল থেকে গোরখপুর লোকসভা আসন থেকে নির্বাচিত হয়ে আসছেন।
৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভায় ৩১২টি আসন নিয়ে বিপুল বিজয় পায় বিজেপি।
যোগী আদিত্যর জন্ম ৫ জুন ১৯৭২ সালে। জন্মের পর তার পরিবারের দেওয়া নাম ছিল অজয় মোহন বিস্ত। পরে দীক্ষা গ্রহণের পর তাঁর নাম পাল্টে হয় আদিত্যনাথ। ১৯৯৮ সালে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। উত্তর প্রদেশের রাম মন্দির নির্মাণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিজেপি সাংসদ মহন্ত অভিদ্যনাথের শিষ্য আদিত্যনাথ। বিতর্কিত ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের জন্য আদিত্যনাথ পরিচিত।

উত্তরখণ্ডের গারওয়াল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করেন আদিত্যনাথ। ১৯৯৮ সালে প্রথম সাংসদ নির্বাচত হন। এরপর ২০০৪ সাল ছাড়া প্রতিবছর বিপুল ব্যবধানে নির্বাচিত হন তিনি। শুধু ২০০৪ সালে সমাজবাদী পার্টির যমুনা নিশাদ মাত্র পাঁচ হাজার ভোটে হারেন আদিত্যনাথের কাছে।

১৯৯৯ সালে মহারাজগঞ্জ জেলার পাঁচ রুখিয়া গ্রামে একটি কবরস্থান দখল করে সেখানে অশ্বত্থগাছ লাগানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সে সময় তাঁর বিরুদ্ধে থানায় মামলাও হয়।
২০০৭ সালে নির্বাচনের আগে গোরখপুর এলাকায় একটি সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে ১৫ দিন হাজত খাটেন আদিত্যনাথ। এক হিন্দু যুবক নিহত হওয়ার ঘটনায় এলাকায় উগ্রতা ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এখনো দুটি মামলা রয়েছে।
সূত্র হিন্দুস্তান টাইমস