উত্তর প্রদেশের বিধানসভায় তৃতীয় দফার ভোট গ্রহণ
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ‘কাম বোলতা হ্যায় (কাজ কথা বলে)’ স্লোগান এখন পরীক্ষার মুখে। গতকাল রোববার এই রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে ১২ জেলাজুড়ে ৬৯টি আসনে ভোট হয়।
উত্তর প্রদেশে বিধানসভায় এবারের নির্বাচনে সাত দফায় ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যে গতকাল ছিল তৃতীয় দফার ভোট। রাজ্যের ক্ষমতাসীন সমাজবাদী পার্টির প্রভাবশালী যাদব পরিবারের বেশ কয়েকজন সদস্যের ভাগ্য গতকাল এই ৬৯টি আসনে নির্ধারিত হয়। তাঁদের মধ্যে লক্ষ্ণৌ ক্যান্টনমেন্ট আসন থেকে লড়ছেন এই পরিবারের ‘ছোট বউ’ অপর্ণা যাদব। অখিলেশ যাদবের কাকা শিবপাল যাদব জসবন্তনগরে, জ্ঞাতিভাই অনুরাগ যাদব লক্ষ্ণৌয়ের সরোজিনী নগর আসন থেকে লড়ছেন।
২০১২ সালের বিধানসভায় এই ৬৯টি আসনের মধ্যে ৫৪টিতেই জয় পায় সমাজবাদী পার্টি। এবার এর চেয়েও ভালো ফল আশা করছেন অখিলেশ যাদব। গতকাল অনুষ্ঠিত ভোটে ১২ জেলার প্রায় আড়াই কোটি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভাগ্য নির্ধারিত হয় ৮২৬ জন প্রার্থীর।