উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী নেতা আদিত্যনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিতর্কিত হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ। গতকাল শনিবার রাজ্যের রাজধানী লক্ষ্ণৌতে বিজেপির এক সভায় নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর দলের জ্যেষ্ঠ নেতা এম ভেঙ্কাইয়া নাইডু মুখ্যমন্ত্রী হিসেবে আদিত্যনাথের নাম ঘোষণা করেন।
ভেঙ্কাইয়া নাইডু এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামীকাল (আজ) রোববার যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।’
যোগী আদিত্যনাথ বিজেপি থেকে পাঁচবারের নির্বাচিত সাংসদ। তিনি এ রাজ্যের ৩২তম মুখ্যমন্ত্রী হলেন। ১৯৯৮ সালে প্রথম সাংসদ নির্বাচিত হন তিনি। গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে ৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভায় ৩১২টি আসন নিয়ে বিপুল বিজয় পায় বিজেপি।
বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আদিত্যনাথের বিরুদ্ধে অনেক সমালোচনা। সর্বশেষ তিনি মুসলিমপ্রধান ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আদেশের প্রশংসা করেন। আদিত্যনাথ বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতেরও উচিত একই রকম পদক্ষেপ নেওয়া।