উত্তর-পূর্ব ভারতে প্রবল বর্ষার সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসামের নওগাঁ জেলার জাকীরাঙা জাতীয় উদ্যানের কাছে কোথোরি গ্রাম বন্যায় ভেসে গেছে। সেখানকার লোকজন নৌকা ও কলাগাছের ভেলায় করে চলাফেরা করছে। ছবি: রয়টার্স
আসামের নওগাঁ জেলার জাকীরাঙা জাতীয় উদ্যানের কাছে কোথোরি গ্রাম বন্যায় ভেসে গেছে। সেখানকার লোকজন নৌকা ও কলাগাছের ভেলায় করে চলাফেরা করছে। ছবি: রয়টার্স

উত্তর–পূর্ব ভারতে বন্যায় ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। জারি করা হয়েছে প্রবল বর্ষার সতর্কবার্তা। পরিস্থিতির ব্যাপক অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উত্তর–পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য আসামে বন্যায় চলতি মৌসুমে ৩৫ জন প্রাণ হারিয়েছেন। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্তের সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ৬৯২। রাজ্যের ২৩টি জেলার দুই হাজারের বেশি গ্রামে ২১৮টির বেশি ত্রাণশিবিরের আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমির। ব্রহ্মপুত্রের জলে ভাসছে কাজিরাঙা জাতীয় অভয়ারণ্য। ড্রোন ক্যামেরার সাহায্যে পশু-প্রাণীর ওপর নজরদারি করা হচ্ছে। ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। গত সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, কেন্দ্রের তরফ থেকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আজ বুধবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সাংবাদিকদের জানান, ইতিমধ্যেই রাজ্য সরকার ত্রাণ বাবদ ১০০ কোটি রুপি খরচ করেছে। প্রবল বর্ষণ তাঁদের ত্রাণ ও উদ্ধারকাজে ব্যাঘাত ঘটাচ্ছে।

একই পরিস্থিতি অরুণাচল প্রদেশেও। সেখানেও রয়েছে প্রবল বর্ষণের ভ্রুকুটি। আজকেও রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। বৈঠক শেষে এক সরকারি বিবৃতিতে বন্যাদুর্গত মানুষের ত্রাণ ও উদ্ধারে রাজ্য সরকার সব রকম ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতেই মাটিধসের কারণে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। মাটিচাপা পড়ে আরও নয়জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী উদ্ধারকাজ চলছে।

প্রবল বৃষ্টির মধ্যে নাগাল্যান্ডে গতকাল বিকেলে একটি সেতু ভেঙে পড়ে। এতে চারজন নিহত হন। আহত হন আরও পাঁচজন। বৃষ্টি হচ্ছে অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও। ভারতীয় আবহাওয়া দপ্তরের আশঙ্কা চলতি মৌসুমে বন্যা অতীতের বহু রেকর্ড ভাঙতে পারে। কারণ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে।